Indian Idol 16 winner: ‘ইন্ডিয়ান আইডল ১৬’ জয়ী জ্যোতির্ময়ী, ট্রফির সঙ্গে কী কী পুরস্কার পেলেন ওড়িশার কন্যা?

Indian Idol 16 winner prize: গানের মহাযুদ্ধে শেষ হাসি হাসলেন ওড়িশার জ্যোতির্ময়ী নায়ক। দীর্ঘ ১০ মাসের লড়াই শেষে তাঁর মাথায় উঠল ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর সেরা শিরোপা। জাতীয় স্তরের এমন এক ঝলমলে মঞ্চে সেরা হয়ে ঠিক কী কী পেলেন এই গায়িকা? ট্রফির পাশাপাশি কত টাকার নগদ পুরস্কার ঘরে তুললেন তিনি?

Indian Idol 16 winner: ‘ইন্ডিয়ান আইডল ১৬’ জয়ী জ্যোতির্ময়ী, ট্রফির সঙ্গে কী কী পুরস্কার পেলেন ওড়িশার কন্যা?
কী কী পেলেন তিনি?Image Credit source: instagram

Jul 27, 2026 | 10:27 AM

গানের মঞ্চে দীর্ঘ ১০ মাসের লড়াই শেষে জয়ের মুকুট উঠল ওড়িশার কন্যা জ্যোতির্ময়ী নায়কের মাথায়। টানটান উত্তেজনায় ভরা ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর গ্র্যান্ড ফিনালে পর্বে দেশের কোটি কোটি দর্শকের মন জয় করে সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছেন ভুবনেশ্বরের এই প্রতিভাবান গায়িকা। প্রথম দিন থেকেই নিজের অসাধারণ গায়কি দিয়ে বিচারক ও সঙ্গীতপ্রেমীদের নজরে ছিলেন তিনি। রবিবারের রাতে অবশেষে তাঁর স্বপ্ন সত্যি হল।

পুরো সিজন জুড়েই একের পর এক জাদুকরী পারফরম্যান্স উপহার দিয়েছেন ২৪ বছর বয়সী জ্যোতির্ময়ী। ‘ও জব তক হ্যায় জান’ গানটি গাওয়ার পর প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী স্বয়ং উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান। আবার তাঁর কণ্ঠে ‘জানে কিউ লোগ মোহব্বত কিয়া করতে হ্যায়’ শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী লীনা চন্দভারকর। তবে জ্যোতির্ময়ীর এই সংগীত সফর কেবল প্রতিযোগিতাতেই সীমাবদ্ধ নয়। তিনি পেশায় একজন মিউজিক থেরাপিস্ট। ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালে ক্যান্সার আক্রান্ত রোগী ও মানসিক অবসাদগ্রস্তদের গান শুনিয়ে নিরাময়ের চেষ্টা করেন তিনি। বিজয়ী হয়ে তিনি জানান, এই রোগীদের ভালোবাসাই তাঁকে আজকের এই জয় এনে দিয়েছে।

শ্রোতাদের সবচেয়ে বড় প্রশ্ন, এমন ঐতিহাসিক জয়ের পর ঠিক কী কী পুরস্কার পেলেন ওড়িশার এই কৃতি গায়িকা? বিজয়ী হিসেবে জ্যোতির্ময়ীর হাতে তুলে দেওয়া হয়েছে ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর ঝলমলে ট্রফি। এর সঙ্গে নগদ পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ২০ লক্ষ টাকার চেক। শুধু বিজয়ীই নন, এই প্রতিযোগিতায় নজরকাড়া পারফরম্যান্স করা অন্য রানার্সআপরাও খালি হাতে ফেরেননি। প্রথম রানারআপ জবলপুরের তানিষ্ক শুক্লা, বাঙালি প্রতিযোগী মিশমি বসু, অংশিকা চোঙ্কার, মনরাজ বীর সিং এবং সুহেল সুফিরা পুরস্কার স্বরূপ প্রত্যেকে ৫ লক্ষ টাকা করে পেয়েছেন।

রবিবারের এই ফিনালে পর্বে উপস্থিত ছিলেন বিচারক শ্রেয়া ঘোষাল ও বাদশাহ। পাশাপাশি অতিথি হিসেবে হাজির ছিলেন ঊষা উথুপ, উদিত নারায়ণ, পাপন, কুমার শানু, শেহনাজ গিল ও উর্মিলা মাতন্ডকর। শারীরিক অসুস্থতার কারণে বিচারক বিশাল দাদলানি সশরীরে থাকতে না পারলেও ভিডিয়ো কলের মাধ্যমে যুক্ত হয়েছিলেন এই আনন্দের মুহূর্তে। ট্রফি ও নগদ অর্থ জয়ের পর জ্যোতির্ময়ী জানান, এই দীর্ঘ সফরের শিক্ষা তিনি সারাজীবন মনে রাখবেন এবং আগামী দিনে মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কাজ করে যাবেন।

Follow Us