Salman Khan: সেটে ঘণ্টার পর ঘণ্টা লেট করেন সলমন খান! তারপর যা ঘটে শুটিং ফ্লোরে…

Kajal Aggarwal South Cinema vs Bollywood: দক্ষিণী ছবির সময়ানুবর্তিতার প্রশংসা করে বলিউডের কাজের সংস্কৃতি নিয়ে মুখ খুললেন কাজল আগরওয়াল। শুনিয়েছেন সলমন খানের জন্য সেটে অপেক্ষা করার অভিজ্ঞতার কথাও। কী ঘটান ভাইজান?

Salman Khan: সেটে ঘণ্টার পর ঘণ্টা লেট করেন সলমন খান! তারপর যা ঘটে শুটিং ফ্লোরে...
ফাঁস করলেন সহ অভিনেত্রী

Jul 23, 2026 | 10:38 AM

ঘড়ির কাঁটা মেপে কাজ নাকি সেটে অনবরত অপেক্ষা? বলিউড আর দক্ষিণী সিনেমার এই বড় পার্থক্যটাই এবার স্পষ্ট করে দিলেন জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল (Kajal Aggarwal)। দুই ইন্ডাস্ট্রিতেই প্রায় ২০ বছর ধরে দাপটের সঙ্গে কাজ করছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কাজের পরিবেশ আর নিয়মানুবর্তিতার দিক থেকে দক্ষিণের ইন্ডাস্ট্রিই তাঁর সবচেয়ে প্রিয়। কথা প্রসঙ্গে ফাঁস করলেন সলমন খানের (Salman Khan) জন্য সেটে সবচেয়ে বেশি সময় অপেক্ষা করার অভিজ্ঞতার কথা।

একটি সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কাজল জানান, দক্ষিণী ছবিতে সময়ের মূল্য সবচেয়ে বেশি। তিনি বলেন, “দক্ষিণে যদি সকাল ৬টায় কলটাইম থাকে, তবে ঠিক ৬টাতেই শুটিং শুরু হয়ে যায়। দুপুর ১টা বাজলেই একদম নিয়ম মেনে লাঞ্চ ব্রেক হয়। এই নিয়ম মেনে কাজ করাটাই আমার স্বভাব হয়ে গিয়েছে। কিন্তু বলিউডে সময় মেনে কাজ হওয়াটা একটু বিরল।”

এই সময় নিয়ে কথা বলতে গিয়েই তিনি তুলে আনেন বলিউড ভাইজান সলমন খানের নাম। কাজল জানান, বলিউডের সেটে সলমন খানের জন্যই তাঁকে জীবনে সবচেয়ে বেশি সময় অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু সেই সময়টাকে একদম নষ্ট হতে দেননি তিনি। কী করেছিলেন জানেন? সেটে তৈরি করা জিমেই গিয়ে সোজা ওয়ার্কআউট শুরু করে দেন! হেসে কাজল বলেন, “অপেক্ষার অজুহাতে সেই ক’দিনে বেশ কিছুটা ওজন কমিয়ে ফেলেছিলাম, তাই লাভ আমারই হয়েছিল! তবে কাজের ক্ষেত্রে দক্ষিণের সেই নিয়ম আর ডিসিপ্লিনটাই আমি মনেপ্রাণে পছন্দ করি।”

বলিউডে ইদানীং কেন তাঁকে কম দেখা যায়, তা নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। কাজলের পরিষ্কার কথা, ছবির সংখ্যার চেয়ে কাজের গুণগত মান তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দক্ষিণে যখন একের পর এক শক্তিশালী প্রধান চরিত্র পাচ্ছিলেন, তখন বলিউডে শুধুই সাধারণ কিছু পার্ট করার অফার আসছিল। তাই শুধু স্ক্রিনে মুখ দেখানোর জন্য যেকোনও চরিত্রে অভিনয় করতে চাননি তিনি।

তবে কাজলের ভক্তদের জন্য দারুণ খবর হল, খুব শিগগিরই ফের বড় পর্দায় ফিরছেন তিনি। ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ তো রয়েছেই, পাশাপাশি নীতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এ মন্দোদরীর চরিত্রে দেখা যাবে কাজল আগরওয়ালকে।

Follow Us