
আলিয়া ভাট (Alia Bhatt) কি এবার প্রভাসের ‘কল্কি ২’ ছবিতে দীপিকা পাড়ুকোনের জায়গা নিচ্ছেন? বক্স অফিসের সুপারহিট ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে যখনই নতুন আপডেট সামনে এসেছে, বিনোদন দুনিয়ায় একেবারে হইচই পড়ে গিয়েছে। দীপিকা পাড়ুকোনের সিক্যুয়েল থেকে আকস্মিক বিদায়ের পর থেকেই নতুন কাস্টিং নিয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনায় নতুন ঘি ঢালল বলিউড ডিভার নাম। নাগ অশ্বিনের তৈরি এই সাই-ফাই মহাকাব্যের দ্বিতীয় ভাগে আলিয়ার প্রবেশ নিয়ে এখন নেটপাড়া তোলপাড়। প্রভাস এবং পরিচালক নাগ অশ্বিনের সঙ্গে আলিয়ার এটাই প্রথম কাজ হতে চলেছে, যা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে।
সূত্রের খবর, যে আলিয়া ভাট ইতিমধ্যেই এই মেগা প্রজেক্টে সই করে ফেলেছেন। শুধু তাই নয়, নির্মাতারা অফিশিয়ালি কিছু না জানালেও, আলিয়া নাকি গত মাসে হায়দরাবাদে গিয়ে ছবির দ্বিতীয় শিডিউলের শুটিংও সেরে এসেছেন। সেখানে টানা পাঁচ দিন ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন তিনি। এই মুহূর্তে অবশ্য অভিনেত্রী তাঁর আগামী অ্যাকশন ছবি ‘আলফা’র প্রচারে ব্যস্ত, যা আগামী ৩ জুলাই মুক্তি পেতে চলেছে।
আলিয়া এই ছবিতে আসছেন জেনেই নেটপাড়ার একটা বড় অংশ ধরে নিয়েছিল, তিনি হয়তো দীপিকার করা সেই আইকনিক ‘সুমতি’ (SUM-80) চরিত্রের হাল ধরবেন। অর্থাৎ কল্কির মায়ের ভূমিকায় এবার আলিয়াকে দেখা যাবে। তবে বলিউডের অন্দরমহলের তথ্য বলছে, গল্পে রয়েছে বড় টুইস্ট। আলিয়া আসলে দীপিকাকে প্রতিস্থাপন করছেন না। তিনি কল্কি ইউনিভার্সে পা রাখছেন একদম নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। তাহলে দীপিকার ফেলে যাওয়া জুতোয় পা গলাচ্ছেন কে? দক্ষিণী সিনেমা মহলের জোর খবর, সুমতি চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ এখন সাই পল্লবী। সব ঠিক থাকলে সাই পল্লবীকেই দেখা যেতে পারে কল্কির মায়ের চরিত্রে।
ছবির টিম সূত্রে খবর, খুব দ্রুত পরবর্তী দফার শুটিং শুরু হতে চলেছে। ২০২৭ সালের ডিসেম্বরে ‘কল্কি ২’ সিনেমা হলে রিলিজ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন নির্মাতারা। আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই ছবির পুরো শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে টিমের। আলিয়া এবং সাই পল্লবীর মতো দুই শক্তিশালী অভিনেত্রীর অন্তর্ভুক্তি এই ফ্র্যাঞ্চাইজিকে যে অন্য মাত্রায় নিয়ে যাবে, তা বলাই বাহুল্য।