
শাহরুখ খান (Shah Rukh Khan), কাজল ও রানি মুখোপাধ্যায় অভিনীত আইকনিক ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তির এত বছর পরও যে বিশ্বজুড়ে সমান জনপ্রিয়, তা আরও একবার প্রমাণিত হল। তবে এবার এই ছবির প্রশংসা শোনা গিয়েছে খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। ইন্দোনেশিয়ার জাকার্তায় এক অনুষ্ঠানে গিয়ে এই বলিউড ছবির টাইটেল ট্র্যাকের জনপ্রিয়তার কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর মুখে নিজের প্রথম ছবির এমন প্রশংসা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। সোশাল মিডিয়ায় মোদীজিকে ধন্যবাদ জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
আসলে জাকার্তায় ভারতীয় অনাবাসীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ায় ভারতীয় সিনেমার বিপুল ক্রেজের কথা তুলে ধরেন। সেখানেই তিনি করে বলেন, “এখানে ভারতের ‘কুছ কুছ হোতা হ্যায়’ গানটি অত্যন্ত জনপ্রিয়। আজ আমি সেখানে বললাম, যখন ভারত ও ইন্দোনেশিয়া একসঙ্গে পা মেলায়, তখন শুধু ‘কুছ কুছ’ নয়, আসলে ‘বহুত কুছ’ (অনেক কিছু) হয়।” প্রধানমন্ত্রীর এই চটজলদি রসবোধ ও চমৎকার শব্দচয়ন উপস্থিত সকলের মন জয় করে নেয়। দুই দেশের মেলবন্ধনকে বোঝাতে তিনি যেভাবে সিনেমার গানকে ব্যবহার করলেন, তা সত্যিই প্রশংসনীয়।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নজরে আসে করণ জোহরের। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিয়োটি শেয়ার করে করণ লিখেছেন, “জাকার্তায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ‘কুছ কুছ হোতা হ্যায়’ নিয়ে কথা বলছেন দেখে অত্যন্ত সম্মানিত ও আনন্দিত বোধ করছি। এমন কিছু ভাষা থাকে যা সমস্ত ভালোবাসার ঊর্ধ্বে চলে যায়। এই গানটিকে আপন করে নেওয়ার জন্য এবং এটিকে চিরকালের জন্য অমর করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।”
১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটির হাত ধরেই পরিচালক হিসেবে বলিউডে পা রেখেছিলেন করণ জোহর। যশ জোহর প্রযোজিত এই রোমান্টিক ড্রামাটি ভারতের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও ব্যাপক সাফল্য পেয়েছিল। ইন্দোনেশিয়ার মতো দেশে এই ছবির গান আজও মানুষের মুখে মুখে ঘোরে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর সিনেমা প্রেমীদের মধ্যে নতুন করে চর্চায় উঠে এসেছে নব্বইয়ের দশকের এই ব্লকবাস্টার ছবি।