
কৃতি শ্যানন (Kriti Sanon) বরাবরই নিজের ফ্যাশন আর গ্ল্যামার দিয়ে চর্চায় থাকেন। তবে এবার একটি রাখির বিজ্ঞাপন করতে গিয়েই নেটিজেনদের তোপের মুখে পড়লেন এই বলিউড সুন্দরী। ভাই-বোনের পবিত্র উৎসবকে ঘিরে তৈরি একটি গয়নার বিজ্ঞাপনে কৃতির সাজপোশাক এবং গল্প বলার ধরন দেখেই রে-রে করে উঠেছেন নেটপাড়ার অনেকে।
ব্যাপারটা ঠিক কী ঘটেছে?
আসলে ভিডিয়োটিতে কৃতিকে দেখা গিয়েছে ঘি রঙের ছোট্ট একটি ব্রালেট ব্লাউজ়, তার ওপর ফিনফিনে পাতলা জ্যাকেট আর স্কার্ট পরে। আর তা দেখেই চটে লাল নিন্দুকেরা। সামাজিক মাধ্যমে কৃতির পোশাককে সরাসরি ‘নিম্নরুচি’র এবং ‘অত্যন্ত লজ্জাজনক’ বলে দাগিয়ে দিয়েছেন একাংশ। এক নেটাগরিক তো বিজ্ঞাপনের ভাবনার ওপর ক্ষোভ উগরে দিয়ে স্পষ্ট প্রশ্ন তুলেছেন, “পুজোর থালা কোথায়? ভাইয়ের সামনে অন্তর্বাসের মতো পোশাক পরে রয়েছেন কেন? এটা কি রাখিবন্ধন? কপালে তিলকই কোথায়?” আরেক জনের মন্তব্য, “গতকাল এই বিজ্ঞাপন দেখে আমি হতবাক। কী সব হচ্ছে!” সাধারণ মানুষ প্রতিবাদ করেন না বলেই ব্র্যান্ডগুলি সীমা ছাড়িয়ে যায় বলে অভিযোগ তুলেছেন আরও অনেকে।
This is an ad from a jewellery brand featuring a Bollywood actress for Raksha Bandhan
In this ad, she is wearing a skimpy outfit while celebrating Raksha Bandhan
Not just that, she also got a Rakhi for her dog, giving the dog more importance than her brother
Spirit of Raksha… pic.twitter.com/0NBjjeNHhh
— Tushar ॐ♫₹ (@Tushar_KN) August 21, 2026
সমালোচনার আগুন আরও ঘৃতাহুতি পায় বিজ্ঞাপনের আরেকটি দৃশ্যে। যেখানে ভাইয়ের পাশাপাশি নিজের আদরের পোষা কুকুরকেও পরিবারের সদস্য হিসেবে রাখি পরিয়ে দেন কৃতি। এই দৃশ্য দেখেই ক্ষোভ উগরে দিয়ে অনেকে লিখেছেন, “সারমেয় নিয়ে এই বাড়াবাড়িটা না করলেই নয়।” তাঁদের দাবি, ভাই-বোনের সুন্দর সম্পর্কের মধ্যে কুকুরকে এনে এমন বাড়াবাড়ি দেখানোর কোনও দরকার ছিল না।
তবে উল্টো সুরও শোনা যাচ্ছে বেশ জোরালোভাবেই। কৃতির বহু ভক্ত এবং পশুপ্রেমীরা সরাসরি অভিনেত্রীর পাশে এসে দাঁড়িয়েছেন। তাঁদের সাফ কথা, রাখি মানেই তো ভালোবাসা, স্নেহ আর সুরক্ষার বন্ধন। পরিবারের সন্তানের মতো বড় হওয়া অবলা পোষ্যকে রাখি পরালে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। তাছাড়া কে কী পোশাক পরবেন, সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত রুচি। চলতি বছর ‘ককটেল ২’ ছবির খোলামেলা দৃশ্য নিয়েও কৃতিকে নিয়ে কথা হয়েছিল। তবে এই গোটা বিজ্ঞাপন বিতর্ক নিয়ে অভিনেত্রী নিজে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি।