Guru Randhawa Gym Firing: গুরু রণধাওয়ারের জিমে এলোপাথাড়ি গুলি! উঠে এলো সলমন যোগ

Guru Randhawa: পঞ্জাবি গায়ক গুরু রণধাওয়ার দিল্লির জিমে এলোপাথাড়ি গুলি চালাল লরেন্স বিষ্ণোই গ্যাং। ঘটনার পরই সোশাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই এই হামলা, দাবি গ্যাংস্টারের। কী বলছে পুলিশ?

Guru Randhawa Gym Firing: গুরু রণধাওয়ারের জিমে এলোপাথাড়ি গুলি! উঠে এলো সলমন যোগ
কী ঘটেছে?

Jun 11, 2026 | 6:27 PM

বলিউডের ‘ভাইজান’-এর সঙ্গে বন্ধুত্ব রাখাই কি এখন সবচেয়ে বড় অপরাধ? সলমন খানের (Salman Khan) সঙ্গে ওঠাবসা করার জন্য এবার বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এলেন পঞ্জাবি পপ তারকা গুরু রণধাওয়া। বুধবার রাতে দিল্লির পশ্চিম বিহার এলাকায় গুরুর মালিকানাধীন একটি জিম ফ্র্যাঞ্চাইজিতে অতর্কিতে বাইকে এসে এলোপাথাড়ি গুলি চালায় দুই দুষ্কৃতী। ঘটনার পরই সোশাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, সলমনের কাছাকাছি যাঁরা যাবে, তাদের পরিণতি এমনই হবে।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির ওই এলাকায় গুরু রণধাওয়ার ‘২৪এইচএস ফিটনেস’ নামের জিমের একটি ফ্র্যাঞ্চাইজি চালাতেন এক স্থানীয় বাসিন্দা। বুধবার রাতে মুখ ঢাকা অবস্থায় দুই বাইক আরোহী এসে জিম লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও, গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষ্ণোই গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিত সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছে, “সলমন খানের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বাড়াচ্ছিলেন গুরু রণধাওয়া, সেই কারণেই এই সতর্কবার্তা।” দিল্লি পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ ও নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

 

কৃষ্ণসার হরিণ শিকারের মামলাকে কেন্দ্র করে সলমন খানের সঙ্গে লরেন্স বিষ্ণোইয়ের শত্রুতা বহু বছরের। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে পবিত্র এই প্রাণী হত্যার প্রতিশোধ নিতেই সলমন এবং তাঁর ঘনিষ্ঠদের প্রতিনিয়ত টার্গেট করছে এই গ্যাং। এর আগে গায়ক গিপ্পি গ্রেওয়াল, এ পি ঢিলোঁ, এমনকি কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতেও হামলা চালিয়েছে এরা। গত বছর মুম্বইয়ে সলমনের বাড়ির বাইরে গুলি চলা এবং রাজ নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পিছনেও হাত ছিল এই গ্যাংয়ের। এবার গুরুর জিমে হামলা থেকে বলাই বাহুল্য বিষ্ণোই গ্যাংয়ের হিটলিস্ট ক্রমশ লম্বা হচ্ছে এবং তা এখন আর শুধু মুম্বইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই।

Follow Us