
রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং তাঁর আসন্ন সিনেমা ‘রামায়ণ’ নিয়ে চারদিকে এখন দারুণ হইচই। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি ঘিরে দর্শকদের উত্তেজনা বাড়ছে। সোশাল মিডিয়া খুললেই এই ছবি নিয়ে নানা জল্পনা চোখে পড়ে। এবার সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করলেন খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তাঁর মতে, এই ছবি যদি অস্কারের মঞ্চ থেকে খালি হাতে ফেরে, তবে তিনি সত্যিই খুব হতাশ হবেন।
গত ৬ আগস্ট মুম্বইয়ের ফিল্ম সিটিতে একটি নতুন স্টুডিওর উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রযোজক নমিত মলহোত্রার ‘প্রাইম ওয়ান’ নামের ওই অত্যাধুনিক স্টুডিও উদ্বোধনের মঞ্চেই ‘রামায়ণ’ নিয়ে মুখ খোলেন তিনি। তাঁর কথায় স্পষ্ট, এই ছবির মেকিং এবং ভিএফএক্স এতটাই উন্নত যে তা গোটা বিশ্বে ভারতের নাম আরও উজ্জ্বল করবে। মুখ্যমন্ত্রী খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জুরি যদি রামায়ণকে অস্কার না দেয়, তবে আমি চরম হতাশ হব।”
এর আগেও একটি সরকারি অনুষ্ঠানে এই ছবির বিশাল আয়োজনের প্রশংসা করেছিলেন তিনি। আসলে মহারাষ্ট্র সরকার এবং প্রাইম ফোকাস একসঙ্গে মিলে মুম্বইকে বিশ্বের অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে। ফড়নবীশ জানান, এই ছবির প্রোডাকশন কোয়ালিটি দেখে তিনি রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। ভারতের প্রাচীন সংস্কৃতি আর মহাকাব্যকে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে মিশিয়ে নমিত মলহোত্রা যে দারুণ কাজ করেছেন, তার মন খুলে প্রশংসা করেন তিনি। তিনি মনে করেন, নতুন প্রজন্মের কাছে রামায়ণের গল্প তুলে ধরার জন্য এই উদ্যোগ একদম নিখুঁত। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখা ভালো, নমিত মলহোত্রার ভিএফএক্স কোম্পানি ‘ডিনেগ’ (DNEG) ইতিমধ্যেই আটবার অস্কার জিতেছে। তাই এই ছবির ভিজ্যুয়াল নিয়ে দর্শকদের প্রত্যাশা এমনিতেই আকাশছোঁয়া।
ইতিমধ্যেই ‘রামায়ণ’-এর ট্রেলার রিলিজ করে গিয়েছে। সেখানে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে দক্ষিণী সুপারস্টার যশকে দেখে দর্শকরা মুগ্ধ। সীতার চরিত্রে দেখা যাবে প্রতিভাবান অভিনেত্রী সাই পল্লবীকে। এছাড়া হনুমান চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে আছেন রবি দুবে। সব ঠিক থাকলে ২০২৬ সালের ৬ নভেম্বর, দীপাবলির ঠিক আগেই মুক্তি পাবে ‘রামায়ণ’-এর প্রথম পর্ব।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর এমন বড় মন্তব্যের পর দর্শকদের মনে সিনেমাটি নিয়ে প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। এখন দেখার বিষয়, তাঁর এই ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না! তবে বক্স অফিসে যে এই ছবি বড়সড় ধামাকা করতে চলেছে, সে বিষয়ে কারও কোনও সন্দেহ নেই।