
মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) বলিউডের এমন এক অভিনেতা, যাঁর সাবলীল অভিনয়ে বারবার মুগ্ধ হয়েছেন দর্শক। কিন্তু এবার তাঁর এক নতুন প্রজেক্টকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নেটফ্লিক্সের আসন্ন ছবি ‘ঘুষখোর পণ্ডত’-এর নাম ঘোষণার পর থেকেই সোশাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশের রোষানলে পড়ে চরম হেনস্থার শিকার হতে হয়েছে খোদ এই দাপুটে অভিনেতাকে। শুধু কটু কথাই নয়, জুটেছে প্রাণনাশের হুমকিও। এমনকি, সাইবার দুনিয়ার এই কাদা ছোঁড়াছুঁড়ি থেকে রেহাই পায়নি তাঁর পরিবারও।
২০২৬ সালের নতুন প্রজেক্টের তালিকা প্রকাশের সময় নেটফ্লিক্স এই বহু চর্চিত ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এনেছিল। তারপর থেকেই শুরু হয় ঘোরতর আপত্তি। অভিযোগ ওঠে, ছবির নাম এবং বিষয়বস্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। পরিস্থিতি এতটাই জটিল হয় যে, নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত দায়ের করা হয়। জল গড়ায় দিল্লি হাইকোর্ট পর্যন্ত। বিতর্কের আঁচ পেয়ে মাত্র দু’দিনের মধ্যেই জনসমক্ষে ক্ষমা চেয়ে নেন নির্মাতারা। আদালতে স্পষ্টভাবে জানানো হয়, ছবির নাম পরিবর্তন করে নতুন নামে তা রিলিজ করা হবে। ইতিমধ্যেই নেটফ্লিক্সের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে ছবির টিজার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গোটা বিতর্ক নিয়ে মুখ খোলেন অভিনেতা। তিনি জানান, এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে, তা টিমের কারও মাথাতেই আসেনি। তবে কারও যদি কোনও বিষয় নিয়ে এত তীব্র আপত্তি থাকে, সৃজনশীল মানুষ হিসেবে ভুল শুধরে নেওয়াটাই দস্তুর। তাঁর মতে, ছবির নাম বদলানোটা এমন কোনও বড় বিষয় নয়। অনায়াসেই দশটা নতুন এবং আকর্ষণীয় নাম ভেবে ফেলা যায়।
তবে সোশাল মিডিয়ার এই লাগামহীন নেতিবাচক দিকটি নিয়ে রীতিমতো বিরক্ত তিনি। বিতর্কের সময় ব্যক্তিগতভাবে কীভাবে হুমকি দেওয়া হয়েছে, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। তবে তিনি জানান, হুমকি সত্ত্বেও কোনও ভয় ছাড়াই তিনি নিজের কাজ চালিয়ে গিয়েছেন। পরিবারকে টেনে আনায় চরম ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যারা এমনটা করছে, তাদের জন্য তাঁর কেবল কষ্টই হয়। ছবির বিষয়বস্তু না জেনেই সোশাল মিডিয়ায় মতামত দেওয়ার এই প্রবণতার প্রতিবাদ করেছেন তিনি।
ট্রোলিংয়ের কড়া জবাব দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন, যথেষ্ট পড়াশোনা জানা সত্ত্বেও যাঁরা এরকম আচরণ করেন, তাদের সঙ্গে তর্ক করার মতো সময় বা শক্তি তাঁর নেই। যাঁরা কাদায় টেনে নামাতে চায়, তাদের সঙ্গে কাদায় নামার কোনও অর্থই হয় না।
প্রসঙ্গত, রীতেশ শাহের পরিচালনায় এই ছবিতে মনোজের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নুসরত ভরুচা, সাকিব সেলিম, অক্ষয় ওবেরয় এবং দিব্যা দত্ত। ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন নীরজ পাণ্ডে ও রীতেশ শাহ। এখন নতুন নামে কবে এই ছবি দর্শকের সামনে আসে, সেটাই দেখার।