
টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে বেশ কয়েকমাস ধরেই নানা জল্পনা। কবে বিয়ে হচ্ছে, পাত্র কে, তা নিয়েও নানা স্পেকুলেশন। অবশেষে মিমির বিয়ের কার্ড সামনে এল। জানা যাচ্ছে, ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধছেন মিমি। পাত্রের নাম সিদ্ধার্থ দত্ত।
বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছিল, নিজের মনের মানুষকে খুঁজে পেয়েছেন মিমি। ইন্ডাস্ট্রির বাইরের এক পাত্রের সঙ্গেই নাকি তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। যদিও এই বিষয়ে মিমি বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর। সূত্রের খবর, আগামী নভেম্বরেই একেবারে ঘরোয়া অনুষ্ঠানে আইনি বিয়ে সম্পন্ন হবে মিমির এবং ডিসেম্বরে কালিম্পংয়ের পাহাড়ি আবহে জমকালো বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়বেন মিমি ও সিদ্ধার্থ।
সম্প্রতি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরেও দেখা গিয়েছিল মিমিকে। সূত্রের খবর, সেই সময় তাঁর সঙ্গে হবু বর সিদ্ধার্থ দত্তও ছিলেন। টলিপাড়ার ঘনিষ্ঠ বন্ধু ও অতিথিদের কাছেও ইতিমধ্যে বিয়ের নিমন্ত্রণ পৌঁছতে শুরু করেছে। মিমির বিয়ের যে কার্ডটি সামনে এসেছে, তা নিয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল—এটি কি মূল বিয়ের কার্ড, নাকি রিসেপশনের আমন্ত্রণপত্র! তা এখনও স্পষ্ট নয়।
মিমি চক্রবর্তীর বিয়ের কার্ড।
তবে এই কার্ডের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল—মিমির জীবনের অত্যন্ত প্রিয় তাঁর তিন সারমেয়। কার্ডের নকশায় বা থিমেও বিশেষ জায়গা পেয়েছে এই পোষ্যরা। মিমির শিকড় যেহেতু উত্তরবঙ্গের জলপাইগুড়িতে, তাই পাহাড়ের কোলে কালিম্পংয়েই বিয়ের অনুষ্ঠান সারার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাহাড়ি বিয়ের পর কলকাতায় ফিরে একটি জাঁকজমকপূর্ণ রিসেপশন পার্টির আয়োজন করা হতে পারে বলেও গুঞ্জন রয়েছে।
মিমির সমসাময়িক অনেক নায়িকাই ইতিমধ্যেই বিবাহিত জীবনের সূচনা করেছেন। ফলে মিমির জীবনসঙ্গী কে হবেন, তা নিয়ে ভক্তদের কৌতূহলের অন্ত ছিল না। তবে এত কিছু রটলেও, মিমির তরফ থেকে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।