
টলিপাড়ায় তাঁকে কাজ করতে দেওয়া হয়নি, এবার সেই দাবি নিয়ে প্রকাশ্যে কথা বললেন অভিনেত্রী মুমতাজ সরকার। বুধবার শহরের টেকনিশিয়ানদের অভাব-অভিযোগ শোনার জন্য টালিগঞ্জের স্টুডিয়োতে পৌঁছে যান বিধায়ক পাপিয়া অধিকারী। সেখানে টেকনিশিয়ানরা তাঁদের অভাব-অভিযোগের কথা বলেন। এক মেকআপ শিল্পীর কাজ বন্ধ হয়ে গিয়েছিল। তিনি আবার কাজে ফিরতে পারবে শুনে হাউহাউ করে কেঁদে ফেলেন।
এর মধ্যে অভিনেত্রী মুমতাজ সরকার পাপিয়ার পাশে দাঁড়িয়ে বললেন, ”আমি মঞ্চে দাঁড়িয়ে আছি বলে, ব্যথা-বেদনা কম নয়। আমাকেও এখান থেকে ধাক্কা মারা হয়েছে, কলকাতা শহরে কাজ করতে দেওয়া হয়নি। যদিও আমি ২০০৫-এ কাজ শুরু করেছি। এখন ২০২৬। কিন্তু শেষ কয়েক বছর কাজ করতে দেওয়া হয়নি। কাজ পারি, তা-ও কাজ পাইনি।” পাপিয়াকে এমন সমস্যার সমাধান করে দেওয়ার কথা বলেন মুমতাজ। পাপিয়া আশ্বাস দেন, তিনি বিষয়টা দেখবেন।
লক্ষণীয় মুমতাজ সরকার ম্যাজিশিয়ান পি সি সরকারের মেয়ে। পি সি সরকার গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ। ২০১৪-তে বিজেপি জয়েন করে তিনি নির্বাচনে লড়েছিলেন। যদিও জয় পাননি। সেই সময়ে বাবাকে সমর্থন করেছিলেন মেয়েরা। এর কোনও প্রভাব মুমতাজের কেরিয়ারে পড়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গেল, মুমতাজের এমন মন্তব্যে। কোন ব্যক্তি তাঁর কাজে বাধা দিয়েছেন, তা অবশ্য মঞ্চ থেকে স্পষ্ট করেননি অভিনেত্রী।
পি সি সরকারের দুই মেয়ে মৌবনী সরকার আর মুমতাজ সরকার, দু’ জনেই অভিনয় করতে শুরু করেন। তবে এই মুহূর্তে তাঁরা নিয়মিত কাজ করছেন না। মৌবনী কিছু মাস আগে খবরে ছিলেন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, সেই কারণে।