
কোনও আনুষ্ঠানিক নোমিনেশন ছাড়াই নিয়মভঙ্গের অভিযোগে ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র ঘর থেকে আচমকা এভিকশন ঘটেছে চলতি সিজনের সবচেয়ে বিতর্কিত প্রতিযোগী নন্দিনী দত্তর। বিশেষ করে রাজবীর দে-কে মারধর করা এবং একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নেটপাড়ায় তাঁর বিরুদ্ধে ক্ষোভ তুঙ্গে উঠেছিল। তবে ‘দাদার দরবার’-এ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেওয়া এই শাস্তি মাথা পেতে নিয়েই বাড়ি ফিরেছেন তিনি। টানা ৭০ দিন পর ঘরে ফিরে প্রথম দিনই খেয়েছেন পছন্দের মটন, ভাত আর বিরিয়ানি। তবে বিগ বসের রেশ কাটিয়ে উঠে এবার তিনি মুখ খুললেন নিজের সফর, বিতর্ক এবং রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে।
শো থেকে বেরিয়েই নন্দিনী প্রথম ফোন করেছিলেন রাজবীরের মা এবং ভাইকে। তাঁদের কাছে নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে নন্দিনী বলেন, “আমি ভুল করেছি এবং তার মাশুলও দিয়েছি। আমার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আমি নাকি শারীরিক হেনস্থা করেছি! শারীরিক হেনস্থা ভীষণ বড় একটা কথা। আমার মা-বাবার শিক্ষা অন্তত এমন নয়। আমি অন্যায় করেছি, শাস্তি পেয়েছি। রাজবীরের পরিবারের সঙ্গে বা আমার পরিবারের সঙ্গে এটা নিয়ে আমি কথা বলতে পারি। আর কাউকে জবাবদিহি করব না। তবে বলতে পারিস আমি গায়ে হাত দিয়েছি, ওটা কোনও শারীরিক হেনস্থা নয়। তবুও বেরিয়েই প্রথম ফোনটা ওদের মা ও ভাইকে করে ক্ষমা চেয়ে নিয়েছি।”
তবে রাজবীরের ওপর হালকা অভিমানের সুরও শোনা গেল তাঁর গলায়। নন্দিনী যোগ করেন, “আমার একটাই আফসোস, রাজবীর যদি অন্তত একবার আমার হাত ধরে বলত—‘নন্দিনী এখানে ক্যামেরা আছে, এটা তোমার নিজের বাড়ি নয়!’ ও এর আগে রিয়্যালিটি শো করেছে, ও আমার চেয়ে অনেক বেশি পরিণত। ভরতদা থাকলে অন্তত আমায় মনে করিয়ে দিত।”
বিগ বসের ঘর থেকে বাদ পড়া নিয়ে কোনও আফসোস বা অভিযোগ নেই জানিয়ে নন্দিনী বলেন, “আমি বুঝতে পেরেছিলাম যে আমি বেরিয়ে যাব। মন বলছিল, রাজবীরকেও সেটা বলেছিলাম। রিয়্যালিটি শোয়ে সবই টিআরপি (TRP)-র জন্য হয়। ভালো বা খারাপ—যেকোনওভাবেই হোক, টিআরপির জন্য আমাকে ব্যবহার করা হয়েছে এবং তাতেই আমি খুশি। বিগ বস আমার কাছে একদম আর্মি ট্রেনিংয়ের মতো ছিল। থালা মাজা, কাপড় কাচা থেকে বাথরুম পরিষ্কার করা—সব শিখিয়ে দিয়েছে।”
শো ছাড়ার শেষ মুহূর্তের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে নন্দিনী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দাদা যখন আমাকে বেরিয়ে যেতে বললেন, তখন দু মিনিট সবার কাছে ক্ষমা চেয়েছিলাম। পরে মনে হয়েছে সেটা ঠিক হয়নি। কেন সবার কাছে ক্ষমা ভিক্ষা চাইছিলাম? নন্দিনী জিততেও জানে, আবার হার মেনে নিতেও জানে।”
একইসঙ্গে ঘরের সহপ্রতিযোগীদের মুখোশ খুলে দিতেও ছাড়েননি নন্দিনী। তাঁর চোখে ঘরের সবচেয়ে ‘ফেক’ বা ভন্ড প্রতিযোগী হলেন জিতু কমল এবং সৃজলা গুহ। সৃজলাকে লক্ষ্য করে তাঁর সোজাসাপ্টা মন্তব্য, “সৃজলা দারুণ অভিনেত্রী, ও দারুণভাবে ফেক নাটক করতে পারে!” আপাতত বিগ বসের রেশ কাটিয়ে আগামী দিনগুলোতে নতুন কাজে মন দিতে চান নন্দিনী দত্ত।
তথ্য সৌজন্যে– Tolly-Vision