Padmaavat movie controversy: ‘যদি কোনও ধর্ষিতা নারী এমন দৃশ্য দেখেন…’, রানি পদ্মাবতীকে নিয়ে স্বরা ভাস্করের বিতর্কিত মন্তব্য ঘিরে দেশ জুড়ে ঝড়

Rani Padmavati: সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবত’ ছবির শেষ দৃশ্য নিয়ে ফের তুঙ্গে বিতর্ক। রানি পদ্মাবতী এবং জওহর ব্রত নিয়ে মন্তব্য করায় তুমুল সমালোচনার মুখে অভিনেত্রী স্বরা ভাস্কর। ঠিক কী বলেছেন তিনি?

Padmaavat movie controversy: যদি কোনও ধর্ষিতা নারী এমন দৃশ্য দেখেন..., রানি পদ্মাবতীকে নিয়ে স্বরা ভাস্করের বিতর্কিত মন্তব্য ঘিরে দেশ জুড়ে ঝড়
কী বলেছেন তিনি?

Sep 02, 2026 | 4:01 PM

স্বরা ভাস্কর (Swara Bhasker) মানেই সোজা কথা সোজাসাপটা বলা, আর তার জেরেই বারবার সংবাদের শিরোনামে উঠে আসা। বহু বছর আগে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বনশালীর ছবি ‘পদ্মাবত’ নিয়ে ফের নতুন করে দানা বাঁধল তীব্র বিতর্ক। ছবির শেষ দৃশ্য এবং রাজপুত রমণীদের গণআত্মাহুতি বা জওহর প্রথা নিয়ে কথা বলতে গিয়ে এক বিরাট বিতর্কের জালে জড়িয়ে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। সমাজমাধ্যমে শুরু হয়েছে জোরদার চাপানউতোর।

কী বলেছেন অভিনেত্রী?

দিল্লির একটি অনুষ্ঠানে হাজির হয়ে স্বরা ‘পদ্মাবত’ ছবির শেষ দৃশ্যটি নিয়ে নিজের কিছু ভাবনার কথা তুলে ধরেছিলেন। ছবিতে দেখা গিয়েছিল, আলাউদ্দীন খিলজির হাত থেকে বাঁচতে রানি পদ্মাবতীর নেতৃত্বে শত শত মহিলা আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিচ্ছেন। স্বরা প্রশ্ন তুলেছিলেন, পর্দায় এই দৃশ্য যেভাবে দেখানো হয়েছে, তাতে কি এমন বার্তা যায় যে যৌন নির্যাতনের শিকার হওয়ার পর বেঁচে থাকাটা কোনও বড় অপরাধ বা পরাজয়? ব্যস, এই মন্তব্য ঘিরেই আগুনে যেন ঘি পড়ে। চারদিক থেকে ধেয়ে আসতে থাকে কটাক্ষ। নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করেন, অভিনেত্রী নাকি রানি পদ্মাবতী এবং আত্মাহুতি দেওয়া নারীদের সরাসরি ‘কাপুরুষ’ বলেছেন!

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষমেশ সমাজমাধ্যমে এসে বিষয়টি পরিষ্কার করতে বাধ্য হন অভিনেত্রী। তাঁর স্পষ্ট দাবি, কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বক্তব্যের ভুল অনুবাদ করে সমাজে ভুল বার্তা ছড়াচ্ছেন। ভিডিয়ো বার্তায় তিনি জোর গলায় বলেন, ‘‘আমি একেবারেই বলিনি যে রানি পদ্মাবতী কাপুরুষ ছিলেন বা প্রাসাদের অন্য যে মহিলারা গণআত্মাহুতি দিয়েছিলেন, তাঁরাও কাপুরুষ ছিলেন।’’

নিজের ভাবনার ব্যাখ্যা দিতে গিয়ে স্বরা জানান, পর্দায় ওই দৃশ্য দেখে তাঁর মনে হয়েছিল যে কোনও ধর্ষিতা নারী যদি এমন দৃশ্য দেখেন, তবে তাঁর মনে হতে পারে তিনি হয়তো আত্মহত্যা না করে বেঁচে থেকে কাপুরুষের মতো কাজ করেছেন। স্বরার মতে, সমাজে যে হারে মহিলাদের ওপর অত্যাচার বাড়ছে, সেখানে দাঁড়িয়ে নারীর শারীরিক ‘পবিত্রতা’কে তাঁর অমূল্য জীবনের চেয়ে বড় করে দেখানো কখনওই উচিত নয়। দিল্লি-এনসিআরের এক নির্যাতিতা কিশোরী কিংবা নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি জোরালো সওয়াল করেন। তাঁর স্পষ্ট বার্তা, ‘‘কখনও কোনও মহিলার বেঁচে থাকার ইচ্ছাকে ছোট করে দেখবেন না।’’

প্রসঙ্গত, ২০১৮ সালে দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ এবং শাহিদ কপূর অভিনীত ‘পদ্মাবত’ মুক্তি পাওয়ার আগেও দেশজুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। ছবির গল্প ও ইতিহাস নিয়ে রাস্তায় নেমেছিল একাধিক সংগঠন। ছবি মুক্তির বহু বছর পর স্বরার মন্তব্যে সেই পুরনো বিতর্কের আঁচ আবারও জ্বলে উঠল।

Loading...
Unable to load recommendations.
Follow Us