
দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার কথা ঘোষণা করলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা দক্ষিণী সিনেমার মেগাস্টার পবন কল্যাণ এবং তাঁর তৃতীয় স্ত্রী অ্যানা কোনিডেলা। সোমবার গভীর রাতে এক যৌথ বিবৃতির মাধ্যমে এই বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন এই দম্পতি। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ পারস্পরিক বোঝাপড়া এবং একে অপরের প্রতি সম্মান বজায় রেখেই তাঁরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তবে বৈবাহিক সম্পর্ক শেষ হলেও, তাঁরা ভালো বন্ধু এবং নিজেদের দুই সন্তানের দায়িত্বশীল অভিভাবক হিসেবেই পাশে থাকবেন।
যৌথ বিবৃতিতে পবন ও অ্যানা অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছেন, “জীবনের এই ব্যক্তিগত পরিবর্তনের সময়ে আমরা আপনাদের সকলের বোঝাপড়া, সহমর্মিতা এবং আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রার্থনা করছি। এই দীর্ঘ যাত্রাপথে যাঁরা প্রতিটি পদক্ষেপে আমাদের পাশে থেকেছেন, তাঁদের প্রত্যেককে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।” উল্লেখ্য, বিচ্ছেদের এই ঘোষণা প্রকাশ্যে আসার পরেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পুরোপুরি মুছে দিয়েছেন অ্যানা।
২০১১ সালে ‘তিন মার’ ছবির শুটিং সেটে প্রথম আলাপ হয়েছিল পবন কল্যাণ ও রাশিয়ার নাগরিক অ্যানা লেজ়নেভার। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে হায়দরাবাদের একটি সাব-রেজিস্ট্রার অফিসে বিশেষ বিবাহ আইন মেনেই আইনসম্মতভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এই দম্পতির দুই সন্তান রয়েছে— পোলেনা অঞ্জনা পবনোভা এবং মার্ক শঙ্কর পবনোভিচ।
পবন কল্যাণের ব্যক্তিগত জীবন বরাবরই নানা চড়াই-উতরাই ও সম্পর্কের সমীকরণে ভরপুর। ১৯৯৭ সালে অভিনয়ে পা রাখার ঠিক এক বছর পর প্রথমবার নন্দিনীকে বিয়ে করেছিলেন এই অভিনেতা। কিন্তু পরবর্তী সময়ে সহ-অভিনেত্রী রেণু দেশাইয়ের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০০৭ সালে প্রথম স্ত্রী নন্দিনীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় পবনের, যেখানে এককালীন খোরপোশ হিসেবে নন্দিনীকে ৫ কোটি টাকা দেওয়া হয়েছিল বলে খবর ছড়ায়। ব্যক্তিগত জীবনের এই নতুন টানাপোড়েন ও বিচ্ছেদের খবর সামনে আসতেই দক্ষিণ ভারতের রাজনৈতিক ও চলচ্চিত্র মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।