
নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বন্ধুত্ব এখন আন্তর্জাতিক রাজনীতির গণ্ডি ছাড়িয়ে নেটপাড়ার অন্যতম চর্চার বিষয়। তাঁদের রসায়ন বা অনুরাগীদের দেওয়া ‘মেলোডি’ (Melodi) হ্যাশট্যাগ বহুবার ভাইরাল হয়েছে। কিন্তু এবার যা ঘটল, তা হয়তো কারও কল্পনাতেও ছিল না! খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন ভারতের অত্যন্ত জনপ্রিয় টফি ‘মেলোডি’। আর সেই উপহার পেয়ে খোদ মেলোনি যা বললেন, তা দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। আন্তর্জাতিক মঞ্চের এই মিষ্টি মুহূর্ত থেকে চোখ সরাতে পারছেন না বলিউডের তারকারাও। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে ভূমি পেডনেকর, সকলেই মজেছেন মোদী-মেলোনির এই মিষ্টি সম্পর্কে।
সম্প্রতি রোমে পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান জর্জিয়া মেলোনি। তবে নজর কেড়েছে মেলোনির শেয়ার করা একটি বিশেষ কোলাবোরেটিভ রিল ভিডিয়ো। ভিডিয়োতে দেখা যাচ্ছে, জর্জিয়া বেশ মজার ছলে বলছেন, “প্রধানমন্ত্রী মোদী আমাদের জন্য একটা উপহার এনেছেন… দারুণ একটা টফি।” পাশ থেকে হাসিমুখে নরেন্দ্র মোদীকে বলতে শোনা যায়, “মেলোডি!” দুই রাষ্ট্রপ্রধানের এই খুনসুঁটি আর মজার সোশাল মিডিয়ায় আসতেই তা আগুনের গতিতে ছড়িয়ে পড়ে। ক্যাপশনে মেলোনি লিখেছেন, “উপহারের জন্য ধন্যবাদ।”
আন্তর্জাতিক রাজনীতির এমন অনাবিল আনন্দের মুহূর্ত দেখে নিজেদের আটকে রাখতে পারেননি বলিপাড়ার তারকারা। গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), বিপাশা বসু, দক্ষিণী তারকা উন্নি মুকুন্দন সহ বহু সেলেব এই ভিডিয়োতে লাইক ঠুকেছেন। অভিনেত্রী ভূমি পেডনেকর (Bhumi Pednekar) তো কমেন্ট বক্সে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে না পেরে লিখেই ফেললেন, “এটার জন্যই তো বেঁচে থাকা!”
নেটিজেনদের মধ্যেও এই নিয়ে চর্চার শেষ নেই। কেউ লিখেছেন, “এর চেয়ে ভালো মার্কেটিং ক্যাম্পেইন আর হতেই পারে না পার্লের জন্য!” আবার কেউ রসিকতা করে লিখেছেন, “মোদীজি মানুষের মনে জায়গা করে নেন, সহজে ওঁকে বোঝা যায় না।”
প্রসঙ্গত, ‘মেলোডি’ জুটি কিন্তু এই প্রথম ভাইরাল হল না। এর আগে গত বছর দুবাইয়ে ‘কপ২৮’ (COP28) জলবায়ু সম্মেলনের ফাঁকে মেলোনির তোলা সেলফি ঝড় তুলেছিল ইন্টারনেটে। এরপর জি৭ (G7) সামিটেও মেলোনি একটি ভিডিয়ো পোস্ট করে বলেছিলেন, “হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম।” এবার সশরীরে চকোলেটের ‘মেলোডি’র আগমন যেন সেই বন্ধুত্বের রসায়নকে আরও এক ধাপ বাড়িয়ে দিল। কূটনীতিক সম্পর্কের মাঝে এমন সহজ-সরল উপহার যে বিশ্বমঞ্চে এক লহমায় পরিবেশ হালকা করে দিতে পারে, তা আরও একবার প্রমাণ করলেন ভারতের প্রধানমন্ত্রী।