Sourav Ganguly Biopic look: সৌরভের অবতারে কেমন লাগছে রাজকুমার রাওকে? শুটিংয়ের ছবি ফাঁস হতেই শোরগোল

Sourav Ganguly biopic shooting Kolkata: সেই সূত্রেই বুধবার এক্কেবারে অন্যরকম ব্যস্ততা চোখে পড়ল এরিয়ান ক্লাব চত্বরে। মাঠে কোনও ম্যাচ ছিল না ঠিকই, কিন্তু ক্লাব চত্বরের হুল্লোড় আর চেনা ভিড় জানান দিচ্ছিল— ময়দানে আজ রাজকীয় কিছু ঘটতে চলেছে। নেপথ্যে স্বয়ং ‘মহারাজ’-এর বায়োপিক। আর পর্দায় সেই সৌরভ গঙ্গোপাধ্যায় হয়ে ওঠার কঠিন চ্যালেঞ্জ নিয়েছেন বলিউডের তুখোড় অভিনেতা রাজকুমার রাও। এদিন এরিয়ান ক্লাবের সেটে তাঁকে দেখা গেল একেবারে ‘মহারাজ’-এর মেজাজে।

Sourav Ganguly Biopic look: সৌরভের অবতারে কেমন লাগছে রাজকুমার রাওকে? শুটিংয়ের ছবি ফাঁস হতেই শোরগোল

|

May 28, 2026 | 4:21 PM

বাঙালির আবেগ, ক্রিকেটের নস্টালজিয়া এবং সেলুলয়েডের ম্যাজিক— সব যেন একবিন্দুতে এসে মিলল লেসলি ক্লডিয়াস সরণিতে। দীর্ঘ জল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে খাস কলকাতায় পুরোদমে শুরু হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত বায়োপিকের শুটিং। আর সেই সূত্রেই বুধবার এক্কেবারে অন্যরকম ব্যস্ততা চোখে পড়ল এরিয়ান ক্লাব চত্বরে। মাঠে কোনও ম্যাচ ছিল না ঠিকই, কিন্তু ক্লাব চত্বরের হুল্লোড় আর চেনা ভিড় জানান দিচ্ছিল— ময়দানে আজ রাজকীয় কিছু ঘটতে চলেছে। নেপথ্যে স্বয়ং ‘মহারাজ’-এর বায়োপিক। আর পর্দায় সেই সৌরভ গঙ্গোপাধ্যায় হয়ে ওঠার কঠিন চ্যালেঞ্জ নিয়েছেন বলিউডের তুখোড় অভিনেতা রাজকুমার রাও। এদিন এরিয়ান ক্লাবের সেটে তাঁকে দেখা গেল একেবারে ‘মহারাজ’-এর মেজাজে।

বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই এক আলাদা আবেগ। তাই তো শুটিং স্পটকে কেন্দ্র করে নিরাপত্তার বজ্রআঁটুনি তৈরি করেছিলেন নির্মাতারা। ‘নিউটন’ বা ‘সিটিলাইটস’ খ্যাত রাজকুমার রাওকে সৌরভের লুকে কেমন লাগছে, তা দেখার জন্য সাধারণ মানুষের কৌতুহল ছিল আকাশছোঁয়া। সেই লুক যাতে কোনওভাবেই ফাঁস না হয়ে যায়, তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছিল প্রোডাকশন টিম। প্রতিটি শট শেষ হতেই বিশাল আকৃতির ছাতার আড়ালে মুখ লুকিয়ে ভ্যানিটি ভ্যানের দিকে যাচ্ছিলেন রাজকুমার।

সৌরভের বায়োপিকের শুটিংয়ে রাজকুমার রাও।

তবে নেটপাড়ার যুগে কড়া নজরদারি এড়ানো যে কতটা কঠিন, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। সমস্ত বাধা পেরিয়ে এরিয়ান মাঠে শুটিং চলাকালীন রাজকুমারের বেশ কয়েকটি ছবি ক্যামেরাবন্দি হয়ে যায়। ভ্যানিটি ভ্যান থেকে যখন তিনি ক্লাবের দিকে যাচ্ছিলেন, তখনই এক ঝলক দেখা যায় তাঁর মুখ। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই মুহূর্তে ভাইরাল! ক্রিকেটারের পোশাকে রাজকুমারকে ‘দাদা’র লুকে দেখে নেটিজেনদের উচ্ছ্বাস এখন দেখার মতো।

বায়োপিকের জন্য এরিয়ান ক্লাবের এই লোকেশন বাছাই কিন্তু মোটেও কাকতালীয় নয়, বরং এর পেছনে রয়েছে অন্য এক গল্প। এরিয়ান গ্যালারির ঠিক নিচেই রয়েছে বিখ্যাত ‘দুখিরাম ক্রিকেট কোচিং সেন্টার’। এই সেই জায়গা, যেখানে কিশোর সৌরভ তাঁর ক্রিকেট জীবনের প্রথম পাঠ নিয়েছিলেন, গড়ে তুলেছিলেন নিজের ভিত। ফলে সৌরভের রূপোলি সফরের শুরুতে এই মাঠের চেয়ে ভালো বিকল্প আর কী-ই বা হতে পারত!

লাভ রঞ্জন প্রযোজিত এবং বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকের নাম রাখা হয়েছে ‘দাদা’। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এবং আপামর ক্রীড়াপ্রেমীদের কাছে এই একটি শব্দই সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিনিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

দিনকয়েক আগেই বেহালার চণ্ডী চরণে সৌরভের নিজের বাড়িতে এই ছবির শুটের শুভ মহরত হয়েছিল। ছবিতে সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন টলিউডের শাশ্বত চট্টোপাধ্যায় এবং মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অপরাজিতা আঢ্য। পাশাপাশি ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তানিয়া মানিকতল্লাকে। বেহালা ও এরিয়ান ক্লাবের পর আগামী কয়েকদিন ইডেন গার্ডেনস-সহ কলকাতার আরও বেশ কিছু চেনা অলিগলিতে চলবে ‘দাদা’র শুটিং। ময়দানের এই ব্যস্ততা অন্তত বলছে, পর্দায় মহারাজের কামব্যাক দেখার জন্য কাউন্টডাউন এখন থেকেই শুরু হয়ে গিয়েছে।

Follow Us