
রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)—বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম এক বিতর্কিত নাম। বিভিন্ন সময়ে নানা কাণ্ড ঘটিয়ে চর্চায় থাকা তাঁর যেন রোজের অভ্যাস। তবে এবার আর নতুন কোনও ঝামেলা নয়, বহু বছর আগের এক পুরনো ঘটনা নিয়ে এমন সব তথ্য ফাঁস করলেন, যা শুনে চোখ কপালে উঠেছে অনুরাগীদের।
সালটা ছিল ২০০৯। একটি জনপ্রিয় চ্যানেলে শুরু হয়েছিল একেবারে অন্যরকম নন-ফিকশন শো,’রাখি কা স্বয়ম্বর’। নিয়ম ছিল, যিনি এই শো জিতবেন, তাঁর গলাতেই মালা দেবেন স্বয়ং রাখি। কোনও সাজানো নাটক নয়, বাস্তবেই জয়ী প্রতিযোগীকে বিয়ে করবেন তিনি। সেই আসরে ১৬ জন পাত্রের মধ্য থেকে কানাডার অনাবাসী ভারতীয় ব্যবসায়ী ইলেশ পারুজানওয়ালাকে (Elesh Parujanwala) জীবনসঙ্গী হিসেবে বেছে নেন অভিনেত্রী। ক্যামেরার সামনে দুজনের বাগদানও হয়ে যায়। পরবর্তীতে রাখি ও ইলেশ একসঙ্গে একত্রবাস অর্থাৎ লিভ-ইন করতে শুরু করেন। কিন্তু সেখানেই তৈরি হয় তীব্র মতের অমিল, আর অল্প দিনের মধ্যেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
এতদিন পর সেই পুরো ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি সাফ জানান, বিয়ে করা তাঁর লক্ষ্য ছিল না। রাখির কথায়, ‘আমি বর খুঁজতে স্বয়ম্বরে গিয়েছিলাম ঠিকই, কিন্তু যে ছেলেদের আনা হয়েছিল তাঁরা সবাই কাজ পাওয়ার জন্য লড়াই করছিল। তখন আমার বয়স খুব কম, টিনএজার বলা যায়। বলিউডে কাজ পাওয়াই ছিল মূল উদ্দেশ্য। মুম্বইতে ভাড়াবাড়িতে থাকতাম, নিজের একটা বাড়ি বানানোর জন্য খুব টাকার দরকার ছিল। আমি স্বয়ম্বরে গিয়েছিলাম শুধুই টাকার লোভে, যাতে নিজের বাড়ি তৈরি করতে পারি। ভালোবাসার দিকে আমার মন ছিল না। প্রযোজক আর পরিচালক যখন চিত্রনাট্য পড়ে শোনাতেন, আমি কান দিতাম না। আমার নজর ছিল কেবল টাকার দিকে।’
ইলেশের সঙ্গে বিচ্ছেদের পরেও রাখি আরও দু’বার বিয়ে করেছিলেন, যদিও কোনও সম্পর্কই শেষ পর্যন্ত টেকেনি। এমনকি এর বাইরেও তাঁর আরও একটি বিয়ের গুঞ্জন রয়েছে ইন্ডাস্ট্রিতে। রাখির এই জনপ্রিয় স্বয়ম্বরের পর রাহুল মহাজন (Rahul Mahajan) এবং রতন রাজপুতকে (Ratan Rajput) নিয়েও এমন বিয়ের শো হয়েছিল। তবে এত ঘটনার পরেও রাখি কিন্তু থেমে যাননি। অভিনেত্রী জানিয়েছেন, সুযোগ পেলে তিনি নাকি ফের নতুন করে স্বয়ম্বর আয়োজন করতে চান!