
কলকাতা : এবার নিজের সিনেমার প্রচারে এসে ভারতীয় জোরে বোলার বুমরাকে ‘ফুটবলার’ বলে সম্বোধন করে বিপাকে পড়লেন বিখ্যাত দক্ষিণী সিনেমা আর্টিস্ট রাম চরণ। পরে নিজের ভুলের ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। এই ঘটনায় চুপ থাকেননি বুমরাও। তিনিও ইনস্টাগ্রামে একটি স্টোরিতে নিজের প্রত্যুত্তর দিয়েছেন।
গতকাল ভোপালে নিজের পরবর্তী সিনেমা ‘পিদ্দি’-র প্রচার করতে গিয়েছিলেন রাম চরণ। তাঁর সঙ্গে ছিলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান ও অভিনেত্রী জাহ্নবী কাপুরও। সেখানেই ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে তাঁকে কিছু বলতে বলা হয়। সচিনকে রাম বলেন ‘কিংবদন্তি’ , ধোনিকে ‘শান্ত’, বিরাট কোহলিকে ‘আগুন’ ও রোহিতকে ‘প্রিয় ক্রিকেটার’ বলে উল্লেখ করেন। এরপরেই বুমরা সম্পর্কে তিনি বলেন,”যশপ্রীত বুমরাজি আপনার আপনার খুব বড় ফ্যান। আমিও ফুটবল দেখতে ও খেলতে খুব ভালবাসি। ফুটবলকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।” তাঁর এই মন্তব্যেই বিতর্ক শুরু হয় সমাজমাধ্যমে। তাঁকে নিয়ে ভাইরাল হয় একের পর এক ‘মিম’।
Uff… I’m genuinely so forgetful with names sometimes.
Apologies to @Jaspritbumrah93 Ji for the mix-up – it was a genuine human error in the middle of all the excitement and the crowd 🙏🏼
I truly respect you and I am a huge fan of your game. You make every Indian feel proud when…
— Ram Charan (@AlwaysRamCharan) May 23, 2026
অনেকেই প্রশ্ন শুরু করেন, বুমরার মতো ক্রিকেটারকে কি আদৌ রাম চরণ চেনেন না? নাহলে এত বড় ভুল কিভাবে করতে পারলেন তিনি? এরপরেই নিজের ভুল বুঝতে পেরে সমাজমাধ্যমে ক্ষমা চেয়ে নেন রাম চরণ। এক্স এ তিনি লিখেছেন,”আমি সত্যিই নাম ভুলে যাই। আমি দুঃখিত স্যার, উত্তেজনার মধ্যে বাজে ভুল করে ফেলেছি। মানুষ মাত্রই ভুল হয়। আমি আপনার বড় ভক্ত। আপনি ভারতের গর্ব।” আগামী ৪ জুন মুক্তি পাবে রাম চরণের এই সিনেমাটি। সিনেমায় একজন ক্রীড়াবিদের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে এই সিনেমায় রয়েছেন জাহ্নবী কাপুরও। তবে এই বিষয়ে চর্চা হলেও এই আইপিএল সিজন একদমই ভাল যায়নি বুমরার। সিজনের শুরু থেকেই ক্রমাগত চোট। পরপর ছন্দপতন! আইপিএলে স্বভাবতই সেই পুরোনো আগ্রাসী মনোভাব দেখা গেল না বুমরাহের। র’ সুইং আর পেসের সেই দুর্দান্ত মিশেল কোথাও গিয়ে যেন অধরাই থেকে গেল প্রিমিয়ার লিগের ১৯তম অধ্যায়ে! মুম্বইয়ের হয়ে গোটা মরশুমে ১৩ ম্যাচে পেয়েছেন মাত্র ৪ উইকেট। দলও শেষ চারের জন্য কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। তাঁকে নিয়ে মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে বলেছেন,”যেহেতু বুমরার চোট ছিল, তাই ওঁর বলের গতি কমে গিয়েছে। আশা করি, ও খুব জলদিই ফর্মে ফিরবে।” আজ বিকেলে রাজস্থানের সঙ্গে শেষ ম্যাচে নামবে মুম্বই, সেখানেই মুম্বই সমর্থকদের আশা, আজ উইকেট প্রাপ্তি হোক তাঁর।