
ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা রাম কাপুর (Ram Kapoor) বরাবরই তাঁর সোজাসাপটা স্বভাবের জন্য পরিচিত। পর্দায় তিনি যেমন রোম্যান্টিক হিরো বা আদর্শ গৃহকর্তা, বাস্তবেও কি তেমনই ছিলেন? সম্প্রতি রিয়্যালিটি শো ‘লক আপ ২’-এর মঞ্চে এসে নিজের অতীত জীবন নিয়ে এক বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন অভিনেতা। খোলসা করলেন বিয়ের আগে তাঁর ‘প্লেবয়’ ইমেজের কথা, যা শুনে রীতিমতো চমকে গিয়েছেন অনুরাগীরা।
শো-এর একটি পর্বে প্রতিযোগী শ্রেয়া কালরা রাম কাপুরকে তাঁর অতীত সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। অভিনেতাও কোনওরকম লুকোছাপা না করেই স্বীকার করেন যে, বিয়ের আগে তাঁর জীবনে অসংখ্য নারীর আগমন ঘটেছে। শ্রেয়া যখন নির্দিষ্ট সংখ্যাটি জানতে চান, হাসিমুখে রামের উত্তর ছিল, “গুনতে পারব না! বিয়ের আগে আমি পুরো প্লেবয় ছিলাম।” তবে একই সঙ্গে তিনি বেশ জোর দিয়েই জানান, ২০০৩ সালে গৌতমী কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকে আজ পর্যন্ত তিনি অন্য কারোর সঙ্গেই সম্পর্কে জড়ান নি। বিয়ের পর তাঁর জীবনে কোনও ‘এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার’ আসেনি।
এই খোলামেলা আড্ডার মাঝেই রাম একটি মজাদার অতীতের স্মৃতি শেয়ার করেন। তিনি জানান, যখন তাঁদের বিয়ের খবর চারদিকে জানাজানি হয়, তখন রামের ঘনিষ্ঠ বন্ধু একতা কাপুর বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন। তিনি সরাসরি গৌতমীকে ফোন করে সাবধান করেছিলেন। একতার বক্তব্য ছিল, “কী করছিস কী তুই? রামের এত অতীত সম্পর্ক রয়েছে! ওর মতো ছেলেকে বিয়ে করছিস?” যদিও তাতে রামের হাত ছাড়েননি গৌতমী। রাম অবশ্য স্বীকার করেছেন যে, বন্ধু হিসেবে একতা সেদিন একদম ঠিক কাজটিই করেছিলেন, কারণ সেই সময়ে তাঁর ইমেজ সত্যিই তেমন ছিল।
২০০০ সালে ‘ঘর এক মন্দির’ সিরিয়ালের সেটে রাম ও গৌতমীর প্রথম আলাপ। সেখান থেকেই প্রেম এবং ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-র দিন বিয়ে। বিগত দুই দশকেরও বেশি সময় ধরে তাঁরা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। সিয়া ও অক্স নামের দুই সন্তানকে নিয়ে তাঁদের ভরা সংসার। অতীতের সব বিতর্ক পেরিয়ে আজ তাঁরা ইন্ডাস্ট্রির অন্যতম ‘পাওয়ার কাপল’।