
নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: রাইজ অফ দ্য লিজেন্ড’ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই একের পর এক নতুন চমক ও বিতর্ক তৈরি করছে। ছবিতে লঙ্কাপতি রাবণ এবং জটায়ু মধ্যকার আকাশপথের তীব্র যুদ্ধ দৃশ্যটি ইতিমধ্যেই দর্শকের গায়ে কাঁটা দিয়েছে। বৃদ্ধ জটায়ু যেভাবে সীতাকে উদ্ধারের জন্য রাবণের বিরুদ্ধে অসম লড়াই চালিয়ে গিয়েছেন, তা রণবীরে রামায়ণের খুব বড় চমক । কিন্তু এই লড়াইয়ের স্কেল বা অ্যাকশনের চেয়েও বেশি যা দর্শককে ভাবিয়ে তুলেছে, তা হল যুদ্ধের একেবারে শেষ মুহূর্তের একটি বিশেষ দৃশ্য।
ভিএফএক্স (VFX)-এ ভরপুর এই লড়াইয়ে জটায়ু নিজের ধারালো নখ দিয়ে আক্রমণ করে রাবণের মাথা কেটে ফেলেন। তবে রাবণের কাছে যেহেতু পুনর্জন্মের ক্ষমতা ছিল, তিনি মুহূর্তের মধ্যে নিজেকে সুস্থ করে তুলে আরও হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধের এক পর্যায়ে তিনি জটায়ুর একটি ডানা কেটে ফেলেন, ফলে রক্তাত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ পাখিটি। কিন্তু এখানেই থামেননি রাবণ। লুটিয়ে পড়া জটায়ুর পায়ের একটি নখ নিজ হাতে ভেঙে নিয়ে নিজের কাছে রেখে দেন লঙ্কেশ্বর!
পর্দায় এই অদ্ভুত ও চমকপ্রদ দৃশ্যটি দেখার পর থেকেই নেটিজেন ও রামায়ণপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে— হেরে যাওয়া জটায়ুর নখ কেন নিজের কাছে রাখতে চাইলেন রাবণ?
চলচ্চিত্র সমালোচক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষকদের মতে, এর নেপথ্যে রয়েছে রাবণের চরম আহত অহংকার (Wounded Pride)। জটায়ু মোটেও কোনও সাধারণ কেউ ছিলেন না তা বুঝতে পেরেছিলেন রাবণ। বয়স হওয়া সত্ত্বেও সীতাহরণের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে তিনি পিছপা হননি। নিজের ঠোঁট, ডানা ও ধারালো নখ দিয়ে রাবণকে পরাস্ত করার শেষ চেষ্টা চালিয়েছেন, এমনকী, রাবণের একটি মাথাও কেটে ফেলেছিলেন।
যে রাবণ ত্রিভুবন জয় করে অভ্যস্ত, যাঁর ভয়ে সুর-অসুর-নর থরথরি কম্পমান, সেখানে এক বৃদ্ধ পাখির হাতে এমন অপমানজনকভাবে আহত হওয়া তাঁর অহমিকায় চরম আঘাত হেনেছিল। তাই জটায়ুর যে ধারালো নখটি তাঁকে সেই অপমানের ক্ষত দিয়েছিল, সেটি ভেঙে নিজের কাছে রাখা ছিল রাবণের জন্য এক ধরণের মনস্তাত্ত্বিক প্রতিশোধ। বিজয়ী হওয়ার পরও নিজের ওপর সেই আক্রমণের স্মৃতিচিহ্নকে নিজের দখলে রেখে তিনি যেন ওই শত্রুর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এটি ছিল রাবণের দম্ভের অহংকারেরই বহিঃপ্রকাশ।
বাল্মীকির রামায়ণে কি এমন কোনও ঘটনার উল্লেখ আছে?
এখানেই রয়েছে পরিচালক নীতেশ তিওয়ারির সিনেমার গল্প বলার স্বাধীনতা। মূল বাল্মীকি রামায়ণে কিন্তু রাবণের জটায়ুর নখ কেটে নিজের কাছে রাখার কোনও উল্লেখ নেই।
মহাকাব্যের ‘অরণ্য কাণ্ড’-এ বর্ণনা করা হয়েছে, জটায়ু প্রথমে নীতিবাক্য শুনিয়ে রাবণকে পরস্ত্রী হরণের পাপ থেকে বিরত করার চেষ্টা করেছিলেন। রাবণ তা না শুনলে তাঁদের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়। জটায়ু রাবণের রথ ভেঙে গুঁড়িয়ে দেন এবং তাঁর সারথিকে হত্যা করেন। যুদ্ধের শেষ পর্যায়ে গিয়ে রাবণ তলোয়ার দিয়ে জটায়ুর দুটি ডানা কেটে তাঁকে অকেজো করে দেন।
বাল্মীকি রামায়ণের মূল কাহিনিতে যা ছিল না, তাকে পর্দায় যুক্ত করে রাবণের মানসিকতা ও অহংকারকে এক নতুন মাত্রায় ফুটিয়ে তুলেছেন পরিচালক। সিনেমা হলে দর্শকদের কাছে এই বিশেষ দৃশ্যটি এখন এক তুমুল চর্চার বিষয়।