Ranbir Kapoor: অভিনয় থেকে অবসর নিচ্ছেন রণবীর? ‘রামায়ণ’ মুক্তির পরই অভিনেতার মন্তব্য ঘিরে জল্পনা

Ranbir Kapoor Ramayan Movie: এর মাঝেই অভিনেতার একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে বলিপাড়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। এক সাক্ষাৎকারে রণবীর মন্তব্য করেছেন, অভিনেতা হিসেবে নাকি এটাই তাঁর জীবনের ‘শেষ দশক’। তাঁর এই কথা শুনেই রীতিমতো চমকে গিয়েছেন রণবীরের অসংখ্য অনুরাগী।

Ranbir Kapoor: অভিনয় থেকে অবসর নিচ্ছেন রণবীর? রামায়ণ মুক্তির পরই অভিনেতার মন্তব্য ঘিরে জল্পনা

|

Nov 07, 2026 | 5:26 PM

বড় পর্দায় নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবি নিয়ে উন্মাদনার শেষ নেই। ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরের নিখুঁত রূপায়ণ ইতিমধ্যেই জয় করে নিয়েছে দর্শকের মন। তবে এর মাঝেই অভিনেতার একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে বলিপাড়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। এক সাক্ষাৎকারে রণবীর মন্তব্য করেছেন, অভিনেতা হিসেবে নাকি এটাই তাঁর জীবনের ‘শেষ দশক’। তাঁর এই কথা শুনেই রীতিমতো চমকে গিয়েছেন রণবীরের অসংখ্য অনুরাগী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ব্যস্ত শিডিউল ও কাজের গতিপ্রকৃতি নিয়ে কথা বলছিলেন রণবীর কাপুর। কোনও বিরতি না নিয়ে একের পর এক ছবির কাজ করে যাওয়ার প্রসঙ্গেই হঠাৎ তিনি বলে ওঠেন, “আমার মনে হয়, অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক।”

স্বাভাবিকভাবেই রণবীরের এমন মন্তব্য শুনে পাশে বসে থাকা সাই পল্লবী কিছুটা অবাক হয়ে যান। তাঁর মুখ দিয়ে বেরিয়ে আসে আকস্মিক প্রতিক্রিয়া—“ওহ্!” এর পরেই সহ-অভিনেত্রীর কৌতূহল মেটাতে নিজের বক্তব্যের পরিষ্কার ব্যাখ্যা দেন রণবীর। তিনি স্পষ্ট করে জানান, অভিনয় পুরোপুরি ছেড়ে দেওয়ার কথা তিনি বিন্দুমাত্র বলেননি। বরং বর্তমানে ‘রামায়ণ’-এর মতো যে সমস্ত দুর্দান্ত ও ঐতিহাসিক চরিত্রে অভিনয় করার সুযোগ তিনি পাচ্ছেন, সেই বিশেষ সময়সীমা বা প্রেক্ষাপট বোঝাতেই কথাটি বলেছেন।

তবে রণবীরের ওই মন্তব্য সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে অনুরাগীদের মনে। অভিনেতার অবসরের আশঙ্কায় মন খারাপ হয়ে যায় ভক্তদের। এক অনুরাগী সোশাল মিডিয়ায় লিখেছেন, “এমন কথা বলবেন না রণবীর! আপনার বয়স তো মাত্র ৪৪। আমরা আরও অন্তত দু’দশক আপনাকে পর্দায় দেখতে চাই।” আর এক ভক্ত রসিকতা করে লিখেছেন, “অভিনয় হিসেবে শেষ দশক! কী বলছেন আপনি? ৮৫ বছর বয়সের আগে অভিনয় ছাড়ার কথা ভাববেন না। আলিয়া, দয়া করে বিষয়টি সামলাও।” সবার একটাই আর্জি, যে শিল্পে তিনি এত বছর ধরে নিজের সেরাটা দিয়েছেন, তা যেন তিনি এত তাড়াতাড়ি ছেড়ে না দেন।

অন্যদিকে, অভিনয়ের বাইরে অন্য একটি বড় ইচ্ছার কথাও প্রকাশ্যে এনেছেন রণবীর। দীর্ঘ দিন ধরে পরিচালনার প্রতি নিজের সুপ্ত অনুরাগের কথা বহুবার জানিয়েছেন তিনি। এ দিন সাক্ষাৎকারে অভিনেতা জানান, আগামী দুই-তিন বছরের মধ্যেই তিনি পরিচালনার দুনিয়ায় পা রাখতে চান। তিনি চান, বর্তমানে হাতে থাকা ছবির কাজগুলো শেষ করে আগামী কয়েক বছরের মধ্যেই নিজের পরিচালিত প্রথম ছবির শুটিং শুরু করতে। তবে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেও, নিজের পরিচালনায় ক্যামেরার সামনে অভিনেতা হিসেবে কাজ করার কোনও পরিকল্পনা তাঁর নেই।

অভিনয় জীবনের এই নতুন মাইলফলক এবং পরিচালনায় আসার ভাবনার মাঝে রণবীরের এই ‘শেষ দশক’ মন্তব্য যে তাঁর কেরিয়ারের অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তা বলাই বাহুল্য।

Loading...
Unable to load recommendations.
Follow Us