
‘ডন ৩’ (Don 3) ছবি থেকে আচমকা রণবীর সিংয়ের (Ranveer Singh) বাদ পড়া বা সরে যাওয়া নিয়ে বলিউড এখন সরগরম। এই তুমুল বিতর্কের মাঝেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। বলিপাড়ার সূত্রের খবর, পরিচালক-প্রযোজক ফারহান আখতারের সঙ্গে বিগড়ে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে নিজেই উদ্যোগী হয়েছিলেন রণবীর। রণবীরের সেই প্রস্তাব সোজাসুজি ফিরিয়ে দিয়েছেন ফারহান ও তাঁর বোন জোয়া আখতার।
জানা গিয়েছে, রণবীর সিং সম্প্রতি ফারহান আখতারের সঙ্গে যোগাযোগ করেন এবং ভবিষ্যতে অন্য কোনও প্রজেক্টে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। ‘ডন ৩’ হাতছাড়া হলেও ফারহানের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাননি অভিনেতা। কিন্তু ফারহান কিংবা জোয়া— কেউই এই মুহূর্তে রণবীরের সঙ্গে কাজ করতে বিন্দুমাত্র আগ্রহী নন।
সূত্রের খবর, “রণবীর নিজেই ফারহানকে একটি নতুন ছবির প্রস্তাব দেন, যা তাঁরা দুজনে মিলে আলোচনা করে ঠিক করতে পারতেন। শুধু তা-ই নয়, ফারহানের বোন জোয়া আখতারের ছবিতেও অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন রণবীর। উল্লেখ্য, এর আগে জোয়ার পরিচালনায় ‘গলি বয়’ ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন তিনি।”
সূত্রের সংযোজন, “ফারহান আখতার এবং তাঁর প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইমেন্ট’-এর পার্টনার রিতেশ সিধওয়ানির কাছে এই যৌথভাবে কাজ করার প্রস্তাবটি পাঠানো হয়েছিল। কিন্তু তাঁরা মুহূর্তের মধ্যে তা নাকচ করে দেন।”
ভেতরের খবর, শুধু ‘ডন ৩’ বন্ধ হওয়াই নয়, ভেতরের কিছু সমীকরণের কারণে ফারহান বা জোয়া— কেউই আর ভবিষ্যতে রণবীরের সঙ্গে কাজ করতে চাইছেন না। ফলে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ পড়ার পর ফারহান-ক্যাম্পের মান ভাঙানোর যে চেষ্টা রণবীর করেছিলেন, তা কার্যত ব্যর্থ হল বলেই মনে করছে বি-টাউন। এখন দেখার, ‘ডন ৩’-এর ভবিষ্যৎ এবং রণবীরের কেরিয়ারের আগামী দিনগুলো কোন দিকে মোড় নেয়।