Ranveer Singh: প্রলয়ের শুটিং শুরু হওয়ার আগেই বড় ঘোষণা রণবীরের! কী সিদ্ধান্ত নিয়ে বসলেন অভিনেতা?

Ranveer Singh paternity leave: দ্বিতীয় সন্তান আগমনের দিনক্ষণ ঘনিয়ে আসতেই বড় সিদ্ধান্ত নিলেন রণবীর সিং। দীপিকা পাড়ুকোনের পাশে থাকতে নিচ্ছেন পিতৃত্বকালীন ছুটি। স্থগিত থাকবে ‘প্রলয়’ ছবির শুটিং। কী হবে 'প্রলয়'ছবির ভবিষ্যৎ?

Ranveer Singh: প্রলয়ের শুটিং শুরু হওয়ার আগেই বড় ঘোষণা রণবীরের! কী সিদ্ধান্ত নিয়ে বসলেন অভিনেতা?
কী বলেছেন অভিনেতা?

Jul 13, 2026 | 1:02 PM

বলিউডের ‘পাওয়ার কাপল’ রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) ঘর আলো করে আসতে চলেছে নতুন অতিথি। এই সুখবরের মাঝেই বিনোদন দুনিয়ায় শোরগোল ফেলেছে অভিনেতার এক বড় সিদ্ধান্ত। কাজের ব্যস্ততাকে একপাশে সরিয়ে রেখে, এবার পুরোপুরি ফ্যামিলি ম্যানের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। একদিকে ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির ব্যাপক সাফল্যের পর তাঁর ঝুলিতে এখন একাধিক বিগ বাজেট সিনেমা। তারই মধ্যে পরিচালক জয় মেহতার বহুল চর্চিত জম্বি থ্রিলার ‘প্রলয়’-এর কাজ শুরু করতে চলেছেন অভিনেতা। তবে জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে খুব শীঘ্রই শুটিং সেট থেকে লম্বা ছুটি নিতে চলেছেন রণবীর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি ইন্ডিয়া’-র একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী অগস্ট মাস থেকেই ‘প্রলয়’ ছবির শুটিং ফ্লোরে নামবেন রণবীর। তবে টানা কাজ করলেও দীপাবলির সময় থেকেই তিনি কাজ থেকে বিরতি নেবেন। কারণ, নভেম্বর মাসেই রণবীর-দীপিকার জীবনে আসতে চলেছে তাঁদের দ্বিতীয় সন্তান। এই বিশেষ মুহূর্তে স্ত্রীর পাশে থাকা এবং নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য ‘প্যাটারনিটি লিভ’ বা পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন অভিনেতা। রণবীরের এই ছুটির কারণে ছবির প্রথম দফার কাজ শেষ হওয়ার পর শুটিং সাময়িকভাবে স্থগিত থাকবে। এর পরবর্তী শিডিউল শুরু হবে ২০২৭ সালে। জম্বি থ্রিলারের মতো সম্পূর্ণ নতুন ঘরানার এই ছবিতে রণবীরকে দেখার জন্য ভক্তদের মধ্যে ইতিমধ্যেই তুমুল কৌতুহল তৈরি হয়েছে।

বলিউডের ভেতরের খবর, ‘প্রলয়’ ছবির একটি বড় অংশের শুটিং হতে চলেছে অস্ট্রেলিয়ার বিভিন্ন লোকেশনে। এই ছবির চরিত্রটি ফুটিয়ে তুলতে রণবীরকে শারীরিক ও মানসিকভাবে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। অন্য একটি সুত্রের খবর অনুযায়ী, ছবির ক্যানভাস এবং স্কেল এতটাই বড় যে, এর জন্য অভিনেতা ইতিমধ্যেই বিশেষ প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

২০১৮ সালে ইতালির লেক কোমোতে রূপকথার বিয়ে সারেন রণবীর ও দীপিকা। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তাঁদের কোলে আসে প্রথম সন্তান দুয়া। মেয়েকে বরাবরই লাইমলাইটের আড়ালে রেখেছেন এই জুটি। চলতি বছরের এপ্রিল মাসে এক সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর ভাগ করে নেন তাঁরা। দীপিকা বর্তমানে তাঁর গর্ভাবস্থার শেষ ত্রৈমাসিকে রয়েছেন। উল্লেখ্য, দীপিকাকে আগামী দিনে শাহরুখ খানের ‘কিং’ এবং আল্লু অর্জুনের সঙ্গে পরিচালক অ্যাটলির সায়েন্স-ফিকশন ছবি ‘রাকা’-তে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। তবে আপতত রুপোলি পর্দা নয়, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করতে প্রস্তুত এই তারকা দম্পতি।

Follow Us