
রণিত রায় (Ronit Roy)-এর নাম করে সোশাল মিডিয়ায় পাতা হচ্ছে ফাঁদ! টার্গেট মূলত মহিলারা। আর এই খবর কানে আসতেই বেজায় চটেছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। সোজা সাইবার জালিয়াতকে দিলেন কড়া হুঁশিয়ারি, “পুলিশ আসছে তোমার জন্য।” বর্তমান ডিজিটাল যুগে সেলিব্রিটিদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর ঘটনা নতুন কোনও ব্যাপার নয়। তবে তারকারা অনেক সময়ই এই ধরনের ঝামেলা এড়িয়ে যান। রনিত কিন্তু সেই পথে হাঁটলেন না, বরং জালিয়াতের মুখোশ টেনে খুললেন ভরা সোশাল মিডিয়ায়। কী ঘটেছে অভিনেতার সঙ্গে?
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। অভিনেতার নজরে আসে যে, তাঁর পরিচয় ব্যবহার করে এক ব্যক্তি সোশাল মিডিয়ায় মহিলাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। শুধু তাই নয়, তাঁর নাম করে টাকাও চাওয়া হচ্ছে এবং ভুয়ো বুকিং নেওয়ারও চেষ্টা চলছে। বিষয়টি জানতে পেরেই আর চুপ করে থাকেননি তিনি। প্রমাণ-সহ গোটা বিষয়টি জনসমক্ষে নিয়ে এসেছেন।
নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ওই জালিয়াতের সঙ্গে কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেতা। ফ্যানদের সতর্ক করে রণিত লিখেছেন, “আমার নজরে এসেছে যে, কেউ একজন আমার নাম করে মানুষের সঙ্গে, বিশেষ করে মেয়েদের সঙ্গে যোগাযোগ করছে এবং টাকা চাইছে। এই ব্যক্তি আমার নামে বুকিং নেওয়ারও চেষ্টা করছে।” তিনি বিস্তারিত তথ্য দিয়ে জানান, ওই প্রতারক ৩৩১৮০৮৫৬৮৫ (3318085685) এই জ্যাঙ্গি (Zangi) নম্বরটি ব্যবহার করছে। পাশাপাশি, অভিনেতার নামে বানানো ইমেল আইডির মাধ্যমে এই জালিয়াতি চালানো হচ্ছে।
ভক্তদের আশ্বস্ত করে রণিত স্পষ্ট জানিয়েছেন, তিনি কখনও সোশাল মিডিয়ায় কোনও মহিলার সঙ্গে নিজে থেকে যোগাযোগ করে টাকা বা অন্য কোনও সুবিধা চান না। তাঁর কথায়, “দয়া করে মনে রাখবেন, আমি কখনও নেটমাধ্যমে বা অন্য কোথাও মহিলাদের কাছে এ ধরনের প্রস্তাব নিয়ে যাই না। আমি বা আমার টিমের কেউ কখনও কারও কাছে টাকা চাইব না। যদি আপনারা এমন কারও সন্ধান পান, অবিলম্বে আমার নজরে আনবেন।” প্রতারকদের হাত থেকে বাঁচতে ভক্তদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
জালিয়াতকে কড়া ভাষায় বার্তা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, তার দিন এবার শেষ হতে চলেছে। কারণ পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার খোঁজখবর শুরু করেছে। অভিনেতার এই পদক্ষেপে নেটিজেনরা তাঁকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই বলছেন, সময়মতো তিনি মুখ খোলায় হয়তো বহু মানুষ বড়সড় প্রতারণার হাত থেকে বেঁচে গিয়েছে।
কাজের দিক থেকে দেখতে গেলে, রণিত রায়কে খুব শীঘ্রই দেখা যাবে ‘তিন কৌয়ে’ (Teen Kauwe) সিরিজে। রায় কাপুর ফিল্মস এবং সিদ্ধার্থ রায় কাপুরের প্রযোজনায় তৈরি এই সিরিজের নির্দেশক প্রিয়াঙ্কা ঘোষ।