
দক্ষিণী ছবির অত্যন্ত গুণী অভিনেত্রী সাই পল্লবী (Sai Pallavi) সম্প্রতি মণি রত্নমের ছবির কাজ সূত্রে এসে উপস্থিত হন তিলোত্তমায়। হাওড়া ব্রিজ থেকে শুরু করে শহরের নানান প্রান্তে চলেছে শুটিং। আর প্রিয় তারকা নিজের শহরের কাছাকাছি এসেছেন শুনে কি আর ঘরে মন টিকে থাকে? সুযোগ হাতছাড়া না করে স্বপ্নের নায়িকার সঙ্গে দেখা করতে সোজা শুটিংয়ের এলাকায় ছুটে গিয়েছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। প্রিয় মানুষকে কাছ থেকে দেখলেন, কথাও বললেন। কিন্তু এই স্বপ্নের মুহূর্তের শেষটা কেমন যেন বদলে গেল! কথা শেষে বাড়ি ফিরে ডুকরে কেঁদে ভাসালেন আরাত্রিকা।
আসলে প্রিয় তারকার সঙ্গে মুখোমুখি কথা হল ঠিকই, কিন্তু আক্ষেপের বিষয় হল দু’জনের একটাও ছবি তোলা হল না। আর সেই আফসোসই যেন মনের মধ্যে ভিড় করে আসে আরাত্রিকার। সোশাল মিডিয়ায় আবেগ চেপে না রেখে আরাত্রিকা লিখেছেন, “আজ আমার ক্রাশ যাকে আমি অনেক দিন ধরে অনুসরণ করি তাঁকে একেবারে কাছ থেকে দেখলাম। শুধু দেখাই নয়, তাঁর সঙ্গে কথাও বললাম। তবু একটা আফসোস রয়ে গেল যে আমরা একসঙ্গে একটা ছবিও তুলতে পারলাম না। এই একটা কারণেই আমি সত্যিই কেঁদেছি।”
তবে সাই পল্লবীর এত কাছাকাছি পৌঁছেও কেন একটা সেলফি তুললেন না আরাত্রিকা?
আরাত্রিকা জানিয়েছেন, তিনি নিজেও যেহেতু অভিনয় জগতের মানুষ, তাই কাজের সময়ের মানসিক চাপটা খুব ভালোভাবে বোঝেন। সেই কাজের প্রতি শ্রদ্ধা বজায় রেখেই নিজের সোশাল মিডিয়া পোস্টে আরাত্রিকার সংযোজন, “আমি নিজেও একজন শিল্পী। তাই জানি, শুটিংয়ের মাঝখানে একজন শিল্পীর কাছে গিয়ে ছবি তুলতে চাইলে অনেক সময় তার কাজে ব্যাঘাত ঘটতে পারে। সেই সম্মানটুকু আমি রাখতে চেয়েছিলাম।”
তবে ছবি তুলতে না পারলেও, সাই পল্লবীর কাছ থেকে পরম উপহার পেয়েছে আরাত্রিকা। কথা বলার ফাঁকে তাঁকে মিষ্টি ভালোবাসায় মোড়ানো একটি উড়ন্ত চুমু ছুড়ে দেন সাই, হাত দিয়ে ভালোবাসার ‘হার্ট’ সাইন বানিয়ে মন জয় করে নেন। এমনকি সাই পল্লবীর সঙ্গে নিজের উচ্চতা হুবহু মিলে যাওয়াতেও বেশ আনন্দ পেয়েছেন আরাত্রিকা।