AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan: বলিউড মানে শুধুই শাহরুখ! কেন হঠাৎ এমন বললেন সইফ আলি খান?

Saif Ali Khan talk about Shah Rukh Khan: ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সইফ স্মৃতিচারণ করে জানান, কীভাবে একজন উচ্চাকাঙ্ক্ষী বহিরাগত (Outsider) থেকে শাহরুখ আজ বলিউডের আসল মুখ হয়ে উঠেছেন। সইফ বলেন, “ওঁর ভেতরের এনার্জি, জেদ আর সিনেমার প্রতি ভালোবাসা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে।

Shah Rukh Khan: বলিউড মানে শুধুই শাহরুখ! কেন হঠাৎ এমন বললেন সইফ আলি খান?
| Updated on: May 16, 2026 | 1:50 PM
Share

গত ১৫ মে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছে সইফ আলি খানের নতুন ক্রাইম থ্রিলার ছবি ‘কর্তব্য’ (Kartavya)। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে তৈরি এই ছবির প্রচারের মাঝেই বলিউড বাদশার প্রতি নিজের দীর্ঘদিনের মুগ্ধতা ও শ্রদ্ধার কথা উগরে দিলেন সইফ। কিং খানের সেই চেনা এনার্জি, অদম্য আত্মবিশ্বাস এবং কাজের প্রতি নিষ্ঠা— যা আজ তাঁকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে, তা নিয়ে অকপট প্রশংসা শোনা গেল ছোট নবাবের গলায়।

‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সইফ স্মৃতিচারণ করে জানান, কীভাবে একজন উচ্চাকাঙ্ক্ষী বহিরাগত (Outsider) থেকে শাহরুখ আজ বলিউডের আসল মুখ হয়ে উঠেছেন। সইফ বলেন, “ওঁর ভেতরের এনার্জি, জেদ আর সিনেমার প্রতি ভালোবাসা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। কেরিয়ারের একেবারে শুরু থেকেই ওঁর যে দূরদর্শিতা, কাজের প্রতি দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাস এবং চিন্তাভাবনার স্পষ্টতা ছিল— তা সত্যিই প্রশংসনীয়। গতানুগতিক নিয়মকানুন বা সামাজিক ভদ্রতার বেড়াজালে ও কখনও নিজেকে আটকে রাখেনি।”

টাকার অঙ্কে নিজের যোগ্যতার মূল্যায়ন কীভাবে করতেন শাহরুখ, সেই মজার গল্পও শুনিয়েছেন সইফ। তিনি বলেন, “সেই সময়ে বড় বড় প্রযোজনা সংস্থার কাছে ও যে পারিশ্রমিক দাবি করত, তা ছিল এককথায় অভাবনীয়। এই গল্পগুলো বলতে আমার নিজেরই একটু সংকোচ হয়, কিন্তু শাহরুখ তখন বুক চিতিয়ে বলত— ‘আমি এই টাকার সম্পূর্ণ যোগ্য, এবং ভারতের সমস্ত অভিনেতাদের মধ্যে আমার বডি ল্যাঙ্গুয়েজ সবচেয়ে সেরা’।” সইফ মনে করেন, নিজের ওপর এই অগাধ বিশ্বাসই শাহরুখকে আজকের এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে সাহায্য করেছে। সইফ আরও যোগ করেন, “আজ কেউ যদি ডিকশনারি বা অভিধানে ‘বলিউড’ শব্দটির অর্থ খোঁজে, তবে সেখানে শাহরুখেরই ছবি দেখতে পাবে। একজন অভিনেতার কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না।”

অতীতে আইফা (IIFA) বা ফিল্মফেয়ারের (Filmfare) মঞ্চে শাহরুখ-সইফের জুটির সঞ্চালনা দর্শকদের মনে আজীবন অবিস্মরণীয় হয়ে রয়েছে। সেই দিনগুলোর কথা মনে করে সইফ জানান, লাইভ শো-র স্ক্রিপ্ট বা অংশগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে শাহরুখ কীভাবে রাত জেগে খাটতেন। সইফ বলেন, “আমরা একসঙ্গে অনেক শো হোস্ট করেছি। ও হুট করে এসে বলত— ‘জানিস সইফ, এই অংশটা একটু বোরিং লাগছে। চল, এটাকে অন্যভাবে লিখি।’ এই বলে ও সারা রাত জেগে চিত্রনাট্য নতুন করে লিখত। বারবার নিখুঁত করার চেষ্টা করত। এটাকেই বলে কাজের প্রতি আসল প্যাশন।” হাসতে হাসতে সইফ আরও বলেন যে, ক্যামেরার পেছনে শাহরুখের এই কাজের পদ্ধতি নিয়ে তিনি চাইলে আস্ত একটা পডকাস্ট সিরিজ বানিয়ে ফেলতে পারেন, যেখানে বলা থাকবে শাহরুখ বাকিদের চেয়ে ঠিক কতটা আলাদা!

কাজের সূত্রে ‘কাল হো না হো’ (Kal Ho Naa Ho) ছবিতে কিং খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা সইফের কেরিয়ারের অন্যতম সেরা শিক্ষা ছিল। পুরোনো দিনে ফিরে গিয়ে সইফ বলেন, “কাল হো না হো-র মতো ছবিতে ওঁর সঙ্গে এত সুন্দর একটা চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়াটা আমার সৌভাগ্য। সেটে একজন মূল অভিনেতার (Main Lead) দায়িত্ব ঠিক কতটা এবং তাকে আরও কী কী অতিরিক্ত খাটনি খাটতে হয়, তা আমি শাহরুখকে দেখেই শিখেছিলাম। ওই ছবির অভিজ্ঞতা আমাকে পরবর্তীতে বহু সিনেমায় লিড রোল করতে মানসিকভাবে প্রস্তুত করেছিল।”

Follow Us