Samay Raina roasts Alia: ছবি ফ্লপ থেকে কান বিতর্ক! আলিয়াকে একের পর এক কটাক্ষ সময়ের, উত্তরে আলিয়া যা বললেন…

Samay Raina Alia Bhatt Indias Got Latent 2: 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট ২'-এর প্রথম পর্বেই টানটান উত্তেজনা। আলিয়া ভাটের 'জিগরা' ছবির ব্যর্থতা ও কান উৎসবের বিতর্ক নিয়ে সঞ্চালক সময় রায়নার চাঁছাছোলা রসিকতার পাশাপাশি, এক দর্শকের বিতর্কিত মন্তব্যের মুখে অভিনেত্রীর কড়া জবাব এখন সমাজমাধ্যমের মূল চর্চার বিষয়। ঠিক কী ঘটে?

Samay Raina roasts Alia: ছবি ফ্লপ থেকে কান বিতর্ক! আলিয়াকে একের পর এক কটাক্ষ সময়ের, উত্তরে আলিয়া যা বললেন...
কী ঘটে?Image Credit source: AI

Jun 21, 2026 | 5:05 PM

আলিয়া ভাট (Alia Bhatt) এবং জনপ্রিয় কমেডিয়ান সময় রায়নার বাকযুদ্ধকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল বিনোদন দুনিয়া। ওটিটি প্ল্যাটফর্মের বহুল চর্চিত রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় মরশুমের প্রথম পর্বটি সম্প্রচারিত হতেই তা ডিজিটাল মাধ্যমে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। নিজের আসন্ন স্পাই-থ্রিলার ছবি ‘আলফা’-র প্রচারে সহ-অভিনেত্রী শর্বরী ওয়াঘকে সঙ্গে নিয়ে এই মঞ্চে হাজির হয়েছিলেন আলিয়া। তবে চেনা ছকের ফ্ল্যাট সাক্ষাৎকার নয়, বরং সময়ের সুতীক্ষ্ণ ‘রোস্টিং’ এবং এক দর্শকের করা মন্তব্যের জবাবে আলিয়ার সপাট অবস্থানকে ঘিরে পর্বটি নিয়ে আলোচনার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়।

অনুষ্ঠানের শুরুতেই আলিয়াকে স্বাগত জানাতে গিয়ে সময় রায়না নিজের চেনা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণাত্মক রসিকতা করেন। তিনি বলেন, “উনি আমাদের শো-এর সবচেয়ে বড় তারকা। ল্যাটেন্টের জন্য এটা যেমন সর্বোচ্চ প্রাপ্তি, ওঁর কেরিয়ারের জন্য ঠিক তেমনই সবচেয়ে খারাপ সময়।” আলিয়া অবশ্য এই মন্তব্যকে হালকাভাবেই গ্রহণ করেন। তবে বিতর্ক দানা বাঁধে যখন সময় সরাসরি আলিয়ার গত বছরের ছবি ‘জিগরা’-র বক্স অফিস ব্যর্থতা নিয়ে খোঁচা দেন। সময় বলেন যে আলিয়া এখানে এসেছেন এটা তিনি বিশ্বাসই করতে পারছেন না, যার জবাবে অভিনেত্রী বলেন, “আমার এখনই এখানে আসার জন্য আফসোস হচ্ছে।” সময় সুযোগ বুঝে পাল্টা টিপ্পনী কাটেন, “আমিও ‘জিগরা’ সিনেমাটা দেখার পর ঠিক এই আফসোসটাই করেছিলাম।” আলিয়াও অবশ্য নিজের ছবির পক্ষে সওয়াল করে জানান, অন্তত সময় টিকিট কেটে ছবিটি দেখেছেন, সেটাতেই তিনি খুশি।

 

বিতর্কের জল আরও গড়ায় আলিয়ার আন্তর্জাতিক মঞ্চ অর্থাৎ ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এর রেড কার্পেট প্রসঙ্গ নিয়ে। কানের একটি ভাইরাল ভিডিয়োর সূত্র ধরে, যেখানে বিদেশি চিত্রগ্রাহকদের ক্যামেরা নামিয়ে নিতে দেখা গিয়েছিল এবং যা নিয়ে নেটপাড়ায় তীব্র ট্রোলিং হয়, সময় মন্তব্য করেন, “কোথায় কান, আর কোথায় ল্যাটেন্ট! তবে এখানে অন্তত ক্যামেরা আপনার দিকেই থাকবে।” এর জবাবে আলিয়া অবশ্য কমেডিয়ান কপিল শর্মার প্রসঙ্গ টেনে রসিকতার ছলে সময়ের আক্রমণের পালটা জবাব দেন।

 

এই ধরণের কথোপকথনের মাঝেই শো-এর একটি অংশ সামাজিক বিতর্কের রূপ নেয়। সময় যখন আলিয়াকে প্রশ্ন করেন, “মেয়েদের ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি কী পছন্দ?” আলিয়া উত্তর দেওয়ার আগেই লাইভ অডিয়েন্সের মধ্য থেকে এক দর্শক চিৎকার করে বলে ওঠেন, “টাকা!” এই ধরণের একপেশে মন্তব্যের বিরুদ্ধে তৎক্ষণাৎ কড়া অবস্থান নেন অভিনেত্রী। গম্ভীর সুরে তিনি জানতে চান, “কে বলল এটা?” পরিস্থিতি সামাল দিতে সময় রায়নাও সেই দর্শককে লক্ষ্য করে রসিকতা করেন। সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনুরাগীদের একাংশ যেখানে আলিয়ার এই তাৎক্ষণিক প্রতিবাদের প্রশংসা করেছেন, অন্য অংশ আবার এই পুরো বিষয়টিকে শো-এর চেনা ঘরানার স্ক্রিপ্টেড বা ছক-কষা রসিকতা হিসেবেই দেখছেন।

 

Follow Us