স্টার হওয়ার পিছনে গানের ভূমিকা অনেক, আশাজি ঠিক তাই…: শতাব্দী রায়

নয়ের দশকের বাংলা ছবিতে রোমান্টিক গান হোক কিংবা আইটেম গান। লতার পাশাপাশি আশা ভোঁসলেও সমান জায়গা করে নিয়েছিল। একই সিনেমার, একই অ্যালবামে দুই বোনের আধিপত্য ছিল ঈর্ষণীয়। তবে লতাজি যদি ছিলেন প্রেমে গানের ওস্তাদ। তেমন আশাজি ছিলেন সব দিকেই সেরা।

স্টার হওয়ার পিছনে গানের ভূমিকা অনেক, আশাজি ঠিক তাই...: শতাব্দী রায়

| Edited By: আকাশ মিশ্র

Apr 12, 2026 | 4:56 PM

নয়ের দশকের বাংলা ছবিতে রোমান্টিক গান হোক কিংবা আইটেম গান। লতার পাশাপাশি আশা ভোঁসলেও সমান জায়গা করে নিয়েছিল। একই সিনেমার, একই অ্যালবামে দুই বোনের আধিপত্য ছিল ঈর্ষণীয়। তবে লতাজি যদি ছিলেন প্রেমে গানের ওস্তাদ। তেমন আশাজি ছিলেন সব দিকেই সেরা। তা গুরুদক্ষিণার ফুল কেন লাল হয় হোক কিংবা আকাশের চাঁদ। সবেতেই আশাজি নিজেকে উজাড় করে দিয়েছিলেন। আর এই দুই গানে যিনি লিপ দিয়েছিলেন সেই শতাব্দীর রায়ের কাছে আশাজি একেবারে ব্যক্তিগত পছন্দের জায়গা।

টিভি নাইন বাংলাকে শতাব্দী জানালেন, ”আমি ব্যক্তিগতভাবে আশা ভোঁসলের বিশাল ভক্ত। আমি মনে করি আশা ভোঁসলের মতো শিল্পী ভারতবর্ষে খুব কমই রয়েছে। উনি ক্যাবরে ডান্সারের গানেও যেমন স্বচ্ছন্দ্য ছিলেন, তেমনি গজল, রোমান্টিক, ভজন, আশাজির কণ্ঠে সবই যেন সুন্দর হয়ে উঠত। গানের মধ্যেও অভিনয় প্রয়োজন, উনি এই অভিনয়টা এত সুন্দর করতে পারতেন, এটা আমার সবচেয়ে ভালো লাগত। আমার কেরিয়ারের বেশিরভাগ গানই উনি গেয়েছেন, সব হিট। একটা ছবি হিট করার পিছনে গান থাকে, একটা স্টার, স্টার হওয়ার পিছনেও গান থাকে। আমার কেরিয়ারে আশাজির অবদান অনেক। ৯৩ বছর ধরে আমরা আশাজিকে পেয়েছি, গান শুনেছি, এটা পরম প্রাপ্তি। ”

মৃত্যুকালে আশা ভোঁসলের বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ সকলে। গতকাল সন্ধ্যাবেলাতেই বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন আশা ভোঁসলে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আজ দুপুরে এল দুঃসংবাদ।

পরিবারের তরফে তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মাল্টিপল অর্গান ফেলিওরের কারণে আশা ভোঁসলের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামিকাল বিকেল ৪টের সময় মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে আশা ভোঁসলের।

Follow Us