
বলিউডের বাদশা শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মন্নত’ নিয়ে সাধারণ মানুষের উন্মাদনার শেষ নেই। মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডের এই আইকনিক বাড়ির সামনে দাঁড়িয়ে একটা সেলফি তোলার জন্য প্রতিদিন ভিড় জমান হাজার হাজার অনুরাগী। সম্প্রতি সুপ্রিম কোর্ট মন্নতের সংস্কার কাজের অনুমোদনকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি পিটিশন খারিজ করে দিয়েছিল। যদিও এই আইনি জটিলতা মিটেছে। আর ঠিক তারপরেই আবারও খবরের শিরোনামে চলে এসেছে কিং খানের এই রাজপ্রাসাদ। তবে মন্নতকে কেন্দ্র করে শুধু অনুরাগী বা সাধারণ মানুষই নন, খোদ বলিউড সুন্দরী অনুষ্কা শর্মাও এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসেছিলেন। শাহরুখের এই বাড়িটি নাকি সরাসরি ‘চুরি’ করতে চেয়েছিলেন তিনি!
পুরনো সেই মজার ঘটনাটি আবার নতুন করে নেটপাড়ায় ভাইরাল হয়েছে। ঠিক কী ঘটেছিল? ২০১৬ সালের কথা। পরিচালক সাজিদ খান এবং অভিনেতা রিতেশ দেশমুখের জনপ্রিয় চ্যাট শো ‘ইয়ারোঁ কি বারাত’-এ একসঙ্গে হাজির হয়েছিলেন শাহরুখ খান ও অনুষ্কা শর্মা। রিল লাইফের এই হিট জুটির বাস্তব রসায়নও যে একেবারে জমজমাট, তার প্রমাণ মিলেছিল সেই শো-তেই। অনুষ্ঠানের একটি পর্বে আড্ডার মাঝে হঠাৎই সাজিদ অনুষ্কাকে একটি অদ্ভুত প্রশ্ন করে বসেন। তিনি জানতে চান, শাহরুখের কাছ থেকে কোনও একটি জিনিস যদি চুরি করার সুযোগ দেওয়া হয়, তবে অনুষ্কা কী চুরি করবেন?
প্রশ্নটা শুনেই হেসে কুটিপাটি হন অনুষ্কা। বিন্দুমাত্র সময় নষ্ট না করে রসিকতার সুরে তিনি বলেন, “কত কী যে নেওয়ার আছে!” এখানেই শেষ নয়, এর পরেই নিজের স্বপ্নের ‘চুরি’র তালিকা পেশ করতে শুরু করেন অভিনেত্রী। অনুষ্কা জানান, প্রথমেই তিনি শাহরুখের সংগ্রহে থাকা সমস্ত দামি ঘড়িগুলো চুরি করতে চান। কারণ সেগুলো বিক্রি করে নাকি মোটা টাকা পাওয়া যাবে!
কিন্তু এর পরেই আসে আসল চমক। ঘড়ির পর্ব মিটতেই অনুষ্কা সোজা টার্গেট করেন বাদশার সাধের প্রাসাদকে। তিনি সটান বলে ওঠেন, “অবশ্যই মন্নত!” বলিউড বাদশা তথা ইন্ডাস্ট্রির অন্যতম ধনী তারকার সবচেয়ে বিখ্যাত বাড়িটিই নিজের করে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। অনুষ্কার এমন সোজাসাপ্টা উত্তরে সেটে উপস্থিত সকলেই হেসে ওঠেন।
মজার এই পর্বটি আরও জমে ওঠে যখন সঞ্চালক জানতে চান, আর কী কী নেওয়ার ইচ্ছে আছে তাঁর? তখন অনুষ্কা হেসে বলেন, “এখন থাক, কিছু জিনিস অন্তত ওঁর জন্য ছেড়ে দিই।” এই সুযোগ হাতছাড়া করেননি কিং খান। নিজের চেনা পরিচিত রসবোধ বজায় রেখে শাহরুখ তৎক্ষণাৎ একটি ওয়ান-লাইনার ছুড়ে দেন। রসিকতা করে তিনি বলেন, “আমার ভ্যানিটি ভ্যানটা অন্তত ছেড়ে দাও। স্ত্রী-ছেলেমেয়েদের নিয়ে আমি ওখানেই সংসার পেতে নেব।” শাহরুখের এই কথা শুনে যখন হাসির রোল উঠেছে, ঠিক তখনই অনুষ্কা নিজের শেষ পাঞ্চলাইনটি মারেন। কিং খানের দিকে তাকিয়ে দুষ্টুমিভরা হাসিতে তিনি বলেন, “তাও আমি নিয়ে নেব!” বলিউডে অনুষ্কার ডেবিউ হয়েছিল শাহরুখের হাত ধরেই। ‘রব নে বানা দি জোড়ি’ ছবি দিয়ে শুরু হওয়া এই জুটির অফ-স্ক্রিন বন্ধুত্ব যে কতটা গভীর, তা এই পুরনো চ্যাট শোর ক্লিপটি দেখলেই স্পষ্ট হয়ে যায়। পরবর্তীতে ‘জব তক হ্যায় জান’ কিংবা ‘জব হ্যারি মেট সেজল’-এর মতো ছবিতেও তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রি দর্শক দারুণ পছন্দ করেছেন।