
স্বামী জাহির ইকবালকে নিয়ে গুছিয়ে সংসার করছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এর মাঝেই খবর এল, নিজের একটি বিলাসবহুল ফ্ল্যাট নাকি মোটা টাকায় ভাড়া দিয়েছেন শত্রুঘ্ন-কন্যা। মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রার এই অ্যাপার্টমেন্টটি আগামী এক বছরের জন্য লিজ নিয়েছে কুয়েত কনস্যুলেট। আর এই চুক্তির অঙ্কটা শুনলে চোখ কপালে উঠবে— প্রায় ১.৯২ কোটি টাকা!
সম্পত্তি রেজিস্ট্রেশনের নথি অনুযায়ী, ‘কনস্যুলেট জেনারেল অফ দ্য স্টেট অফ কুয়েত’ সোনাক্ষীর এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছে। জানা গেছে, কুয়েতের কনসাল জেনারেল, তাঁর পরিবার এবং অফিসিয়াল স্টাফদের থাকার জন্যই এই প্রিমিয়াম আবাসনটি ব্যবহার করা হবে। বান্দ্রার সমুদ্রমুখী বিলাসবহুল আবাসন ‘৮১ ওরেট’ (81 Aureate)-এ অবস্থিত সোনাক্ষীর এই অ্যাপার্টমেন্ট। আরব সাগরের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই বহুতলটি বি-টাউনের তারকাদের অত্যন্ত পছন্দের আবাসন। সোনাক্ষী যখন এই ফ্ল্যাটটি কিনেছিলেন, তখনও বিনোদন দুনিয়ায় বেশ শোরগোল পড়েছিল।
তাছাড়া এই বিশেষ অ্যাপার্টমেন্টটির সঙ্গে সোনাক্ষীর আবেগ জড়িয়ে রয়েছে। কারণ, জাহির ইকবালের সঙ্গে তাঁর বিয়ের মূল অনুষ্ঠান ও আইনি প্রক্রিয়া এই বাড়িতেই সম্পন্ন হয়েছিল।
আবাসন ব্যবসার দুনিয়ায় সোনাক্ষীর পারদর্শিতা অবশ্য এই প্রথম নয়। এর আগেও এই একই বহুতলের আরেকটি ফ্ল্যাট বিক্রি করে মোটা টাকা লাভ করেছিলেন তিনি। রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে যে অ্যাপার্টমেন্টটি তিনি প্রায় ১৪ কোটি টাকায় কিনেছিলেন, ২০২৫ সালে সেটি বিক্রি করেন সাড়ে ২২ কোটি টাকায়। অর্থাৎ মাত্র কয়েক বছরেই নিজের সম্পত্তির মূল্য প্রায় ৬১ শতাংশ বাড়িয়ে নিয়েছিলেন ‘দাবাং’ গার্ল।