
স্টার জলসার ‘বিগ বস’ বাংলা-এর ঘর এখন টানটান উত্তেজনায় ভরপুর। টিভির পর্দায় রাত সাড়ে ন’টায় এই পর্ব দেখা গেলেও জিও হটস্টারের ২৪×৭ লাইভ স্ট্রিমিংয়ে চোখ রাখলে মিলছে নানা এক্সক্লুসিভ খবরাখবর। সম্প্রতি জন্মাষ্টমীর বিশেষ টাস্ক ও উদযাপনের মাঝেই রিয়্যালিটি শো-এর রান্নাঘর থেকে ছড়ালো সোনামণি সাহার বিয়ের জোর গুঞ্জন!
ঘটনার সূত্রপাত জিও হটস্টারের লাইভে। রান্নাঘরের দায়িত্বে ছিলেন দুর্নিবার সাহা, সৃজলা গুহ এবং সোনামণি সাহা। অত্যন্ত ধৈর্য ধরে দুর্নিবার যখন জন্মাষ্টমীর পায়েস তৈরিতে ব্যস্ত, তখন তাঁর সঙ্গে আড্ডায় মাতেন সৃজলা। কথা প্রসঙ্গে উঠে আসে দুর্নিবার ও তাঁর স্ত্রী মোহরের সম্পর্কের কথা। দুর্নিবার জানান, চার বছরের সম্পর্ক ও তিন বছরের বিবাহিত জীবনে তাঁদের একটি সন্তান রয়েছে। তিনি সবসময়ই চেয়েছেন ৩৫ বছর বয়সের আগেই বাবা হতে। দুর্নিবারের এই ভাবনা শুনে মুগ্ধ সৃজলা মন্তব্য করেন, “আজকালকার দিনে এমন ভেবে এগোনো ছেলে সত্যিই বিরল!”
ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা সোনামণি সলজ্জ হেসে বলে ওঠেন, তিনি এমন একজন পুরুষকে ব্যক্তিগতভাবে চেনেন, যাঁর চিন্তাভাবনাও ঠিক দুর্নিবারের মতোই পরিবারকেন্দ্রিক। দুর্নিবার কৌতূহলী হয়ে সেই বিশেষ মানুষের নাম জানতে চাইলে লজ্জায় লাল হয়ে এড়িয়ে যান সোনামণি। তবে চটপটে সৃজলা ঠিকই ধরে ফেলেন বিষয়টি! নাছোড়বান্দা সৃজলা সোজা প্রশ্ন করে বসেন— “তা বিয়েটা কবে করছ?”
একটি ধারাবাহিকে প্রতীক ও সোনামণি।
বিন্দুমাত্র দ্বিধা না করে সোনামণি স্পষ্ট জানান, “চলতি বছরেই পরিকল্পনা রয়েছে!” সৃজলা নিমন্ত্রণের কথা মনে করিয়ে দিলে সোনামণি সানন্দে তাতে সম্মতি জানান।
স্ক্রিনের ওপারে থাকা দর্শকদের কিন্তু বিষয়টি বুঝতে আর বাকি নেই! টলিপাড়ায় অভিনেতা প্রতীক সেনের সঙ্গেই সোনামণির প্রেমের চর্চা দীর্ঘদিনের। এই জুটিকে পর্দায় ও পর্দার বাইরে ভালোবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা। সোনামণির এই গোপন কিন্তু স্পষ্ট স্বীকারোক্তির পর নেটপাড়ায় জল্পনা তুঙ্গে—তবে কি ২০২৬-এর শেষেই বাজতে চলেছে প্রতীক-সোনামণির বিয়ের সানাই? উত্তর পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা। ততদিন বিগ বসের ঘরেই সবার নজর থাকুক।