
বলিউডে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসছে, এ খবর অজানা নয়। শোনা যাচ্ছে আগামী বছরেই মুক্তি পাবে ছবি। মুখ্য চরিত্রে দেখা যেতে পারে আয়ুষ্মান খুরানাকে। এ নিয়ে বলিউড থেকে সাধারণের মধ্যে যখন চলছে বিস্তর আলোচনা তখন সম্প্রতি শহরের এক অনুষ্ঠানে হাজির হয়ে বায়োপিক নিয়ে বড় আপডেট তাঁর। তাঁকে প্রশ্ন করা হয়, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কাকে দেখতে চান তিনি? মহারাজ কিন্তু প্রশ্ন এড়িয়ে যাননি তিনি। বরং লাজুক হেসে বলিউডের জেন-জি’র এক অভিনেত্রীকেই বেছে নিয়েছেন তিনি। সেই অভিনেত্রী কে জানেন? অ্যানিম্যালের ‘ভাবি ২’ ওরফে তৃপ্তি দিমরি।
এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, “সানা আমাকে বলেছে তৃপ্তি দিমরির কথা। ওর খুব পছন্দ। ওই আমাকে প্রথম দেখিয়ে বলে মায়ের চরিত্রে ভালো মানাবে।” তাঁরও যে বেশ পছন্দ তৃপ্তিকে তা বোধহয় বলার অপেক্ষাই রাখে না। যদিও আয়ুষ্মানের বিপরীতে তৃপ্তিকেই দেখা যাচ্ছে কিনা তা কিন্তু কনফার্ম করেননি সৌরভ। বরং জিইয়ে রেখেছেন সাসপেন্স।
এই মুহূর্তে সময়টা বেশ ভালই যাচ্ছে তৃপ্তির। অ্যানিম্যালের পর থেকেই হাতে একের পর এক কাজের অফার। ওই ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কম চর্চা হয়নি। আগামী দিনে অনুরাগ বসুর সঙ্গে এক বড় প্রজেক্টে কাজ করবেন তৃপ্তি। ওই ছবিতে থাকবেন রণবীর কাপুর। এই রণবীরকেই প্রথমে সৌরভের বায়োপিকের অফার দেওয়া হয়। রণবীরকে পছন্দ ছিল দাদারও। শোনা গিয়েছিল, রণবীর রাজিও হয়েছে। যদিও শেষ মুহূর্তে কেন তিনি করলেন না কাজটি, তা যদিও অজানা।