
তিন বছর হল দ্বিতীয় বিয়ে ভেঙেছে অভিনেতা আমির খানের । একটি যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন আমির এবং কিরণ রাও। এই তিন বছরে অনেকেই মনে করেছিলেন যে নায়ক বোধহয় অভিনেত্রী ফতেমা সানা শেখের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু সেই জল্পনা খুব অল্প কয়েক দিনের মধ্যেই নস্যাত্ হয়ে যায়।
আপাতত নায়ক ‘হ্যাপি ফ্যামিলি ম্যান’। কিন্তু জানেন কি নায়ক আর একা থাকতে পারছেন না? সরাসরি এমন কিছু না বললেও তাঁর কথায় এমনটাই ইঙ্গিত মিলেছে। অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্ট শো-তে এসে নায়কের এমন মন্তব্য। নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে অভিনেতার ভিডিয়ো। অনেক দিন ধরেই একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। যে আগামী দিনে নায়ক কি আবার বিয়ে করবেন?
রিয়াও একই প্রশ্ন করেন আমিরকে। অভিনেতা বলেন,”আমার বয়স এখন ৫৯। মনে হয় না, আমি আবার বিয়ে করতে পারব। এতে সমস্যা তৈরি হতে পারে। বর্তমানে আমার জীবনে বহু সম্পর্ক রয়েছে। পরিবারের সঙ্গে আবার আমি সময় কাটাতে শুরু করেছি। আমার ছেলেরা রয়েছে। আমার ভাইবোনেরা রয়েছেন।”
উত্তর শুনেই রিয়া মজা করে বলেন, “তাহলে আমি কি বলব যে আমির খান পাত্রী খুঁজছেন?” জবাবে আমির বলেন,”এখন একদমই নয়। আমার কাছের মানুষদের সঙ্গে এমনিতেই আমি খুশি আছি। আমি এই মুহূর্তে আরও ভাল মানুষ হয়ে ওঠার চেষ্টা করছি।” উল্লেখ্য, এই মুহূর্তে অভিনেতা ব্যস্ত ‘সিতারে জ়মিন পর’ ছবি নিয়ে। এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে জেনেলিয়া ডিসুজ়াকে।