
নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে এবার ফুটে উঠল ‘মায়া সত্য ভ্রম’ ছবির ঝলক। পরিচালক শমীক রায়চৌধুরীর এই ছবিতে অভিনয় করেছেন সনত্ চট্টোপাধ্যায়, সোহম মজুমদার, প্রিয়াঙ্কা সরকারের মতো আরও কিছু গুণী অভিনেতা-অভিনেত্রী। সনত্ এই ছবির অন্যতম প্রযোজক।
নিউ ইয়র্ক থেকে শমীক জানালেন, ”দুনিয়ার তাবড়-তাবড় ছবির টিজার-ট্রেলার যেখানে দেখানো হয়, সেই ফিনান্সিয়াল ক্যাপিটাল নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে আমার ছবির টিজার দেখে সত্যিই আপ্লুত। ‘মায়া সত্য ভ্রম’ দেখানো হচ্ছে ২৬তম নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-এ। ছবিটা দেখার জন্য বহু দর্শক টিকিট কেটেছেন বলেই শুনেছি। তাঁদের প্রতিক্রিয়া কী, সেটা জানার অপেক্ষায় রয়েছি। এরপর বিশকেক আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ছবিটা দেখানো হবে। তারপর ভারতে মুক্তির তোড়জোড় শুরু করব।”
২০১৭ সালে সলমন খানের ‘টিউবলাইট’ ছবির ঝলক দেখা গিয়েছিল টাইমস স্কোয়্যারে। লতা মঙ্গেশকরের মৃত্যুর পর সুরসম্রাজ্ঞীর মুখ ভেসে উঠেছিল সেখানেই। গায়িকাকে শ্রদ্ধা জানাতে এমন আয়োজন করা হয়েছিল তাঁর অনুরাগীদের তরফে। ২০২৩-এ মার্চ মাসে বাংলা ছবি ‘দোস্তজী’ মুক্তি পায় আমেরিকা আর কানাডায়। তারই সূত্র ধরে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের বিলবোর্ডে ট্রেলার চলেছিল সেই ছবির। পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ”হলিউডের তাবড়-তাবড় ছবির মাঝে এই সময়ের একটা বাংলা ছবির ট্রেলার চলছে টাইমস স্কোয়্যারের বিলবোর্ডে, এটা নিজের চোখে দেখার যে কী অনুভূতি তা বলে বোঝাতে পারব না।”
শমীক পরিচালিত ওয়েব সিরিজ ‘তারকাটা’ মুক্তি পাবে সামনেই। তারপর বড় পর্দায় মুক্তি পাবে ‘মায়া সত্য ভ্রম’, তেমনই ঠিক রয়েছে।