Swaroop Biswas arrested: ‘ওরে আমার গোঁফ গিয়েছে চুরি!’ টলিউডের ‘একনায়ক’ স্বরূপের পতনে বিস্ফোরক ঋদ্ধি

Swaroop Biswas arrested Tollywood case: তোলাবাজি, যৌন হেনস্থা এবং অস্ত্র আইনের ধারায় গ্রেফতার হলেন তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। এই ঘটনায় টলিপাড়ার ‘ভয় দেখানোর রাজনীতি’ নিয়ে সুকুমার রায়ের কবিতার মোড়কে তীব্র কটাক্ষ অভিনেতা ঋদ্ধি সেনের।

Swaroop Biswas arrested: ওরে আমার গোঁফ গিয়েছে চুরি! টলিউডের ‘একনায়ক’ স্বরূপের পতনে বিস্ফোরক ঋদ্ধি
কী বলেছেন অভিনেতা?

Jun 05, 2026 | 11:54 AM

স্বরূপ বিশ্বাস (Swaroop Biswas) গ্রেফতার হতেই তোলপাড় টলিপাড়া। তোলাবাজি, যৌন হেনস্থা এবং অস্ত্র আইনের একাধিক গুরুতর ধারায় বৃহস্পতিবার রাতে নিউ আলিপুর থানার পুলিশ গ্রেফতার করেছে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা প্রভাবশালী তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে। দীর্ঘ দিন ধরে টলিউডের স্টুডিও পাড়ায় তাঁর বিরুদ্ধে যে ‘একনায়কতন্ত্র’ এবং ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ উঠছিল, এই গ্রেফতারি তারই পরিণতি বলে বক্তব্য বহু কলাকুশলীদের। টলিউডেরই এক মেকআপ আর্টিস্টের সুনির্দিষ্ট তোলাবাজি ও হেনস্থার অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ করেছে। আর এই হাইপ্রোফাইল গ্রেফতারি ঘিরেই এবার সুকুমার রায়ের ‘গোঁফ চুরি’ কবিতার মোড়কে বিস্ফোরক সোশাল মিডিয়া পোস্ট করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন।

স্বরূপের এই পতনকে তীব্র ব্যঙ্গ করে ঋদ্ধি সেন তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন,

“বিশ্বাস বাবু আজকে গুপী হলেন, হওয়ারই কথা, কিন্তু বাঘাদের আনন্দ দেখে বেশ মজা লাগছে।”
টলিপাড়ার কলাকুশলীদের ‘ঘরবন্দি’ করা থেকে শুরু করে স্বরূপ বিশ্বাসের নিজের ‘জেলবন্দি’ হওয়া- এই গোটা যাত্রাকে অত্যন্ত হাস্যকর বলে উল্লেখ করেছেন ঋদ্ধি। তাঁর মতে, স্বরূপ বাবুর নিজের কোনও আসল পরিচিতিই ছিল না। ঋদ্ধির কথায়, “দু বছর আগে অবধি ওনার মুখের আদল কেমন জানতাম না… শুধু জানতাম যে সুরুচি সংঘের কার্তিকের গোঁফ অনুকরণ করে নাকের নীচে এক জোড়া গাম্ভীর্য লালন করার কাজ যত্ন নিয়ে করতেন তিনি।” সুকুমার রায়ের ‘গোঁফ চুরি’ কবিতার প্রসঙ্গ টেনে ঋদ্ধি লিখেছেন, যখনই স্টুডিও পাড়ায় কোনও গোলমাল হতো, তখনই যেন বাবু হেঁকে উঠতেন, “ওরে আমার গোঁফ গিয়েছে চুরি!”

 

ঘটনাচক্রে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা ও টালিগঞ্জের মেকআপ আর্টিস্ট ফেডারেশনের এক মহিলা সদস্য অভিযোগ করেছেন যে, দীর্ঘ দিন কাজ না দিয়ে তাঁর কাছ থেকে মোটা টাকা দাবি করা হয়েছিল এবং ভয় দেখানো হয়েছিল। এই ক্ষমতার আস্ফালনকে ঋদ্ধি সেন ‘হরর কমেডি’র সঙ্গে তুলনা করেছেন। অভিনেতা মনে করিয়ে দিয়েছেন, এই হরর কমেডির সুপারহিট বক্স অফিস সাফল্যের পিছনে বড় ভূমিকা ছিল ইন্ডাস্ট্রিরই একাংশের।

ঋদ্ধির স্পষ্ট তোপ, “বছরের পর বছর এই হরর কমেডির সিরিজ বানিয়ে যাওয়ার প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন আমাদেরই বহু সহকর্মীরা।” স্রেফ ক্ষমতার অলিন্দে, লোভের প্রেক্ষাগৃহের প্রথম সারিতে একটু জায়গা পাওয়ার জন্য যাঁরা স্বরূপ বিশ্বাসকে তোয়াজ করে গিয়েছেন, আজ তাঁর পতনে তাঁদের একাংশের কান্না বা হাসিকে চরম ভণ্ডামি বলে দেগে দিয়েছেন তিনি।

পুলিশি জেরার মুখে থাকা স্বরূপ বিশ্বাসের সাম্রাজ্য পতনে স্টুডিও পাড়ায় যখন টানটান উত্তেজনা, তখন ঋদ্ধি সেন মনে করিয়ে দিয়েছেন এক নির্মম সত্য। তিনি তাঁর পোস্ট শেষ করেছেন এই বলে যে, যারা এই ‘অকিঞ্চিৎকর’ ব্রাদার বিশ্বাসকে ক্ষমতা আর অপরাধের ডানা মেলতে সাহায্য করেছিলেন, তাঁদের লোভটা একই থাকবে। ঋদ্ধির আশঙ্কা, “লোভটা একই থাকবে, পাল্টাবে শুধু ‘বিশ্বাস’।”

Follow Us