Sudipta Chakraborty on Tollywood violence: টালমাটাল টলিপাড়া! মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাছে তিন আর্জি সুদীপ্তার

Sudipta Chakraborty: বুধবার টলিপাড়ার পুরনো ফেডারেশন ভেঙে নতুন 'কনফেডারেশন' গড়ার ডাক দিয়েছিলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তার ঠিক চব্বিশ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার সকালে চরম উত্তেজনা ছড়ায় টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে। টালিগঞ্জ টেকনিশিয়ান্স স্টুডিওর রণক্ষেত্র রূপ নিয়ে সোচ্চার অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। কলাকুশলীদের ওপর বহিরাগতদের হামলার বিরুদ্ধে গর্জে উঠেছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তিন আর্জি জানিয়েছেন তিনি।

Sudipta Chakraborty on Tollywood violence: টালমাটাল টলিপাড়া! মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাছে তিন আর্জি সুদীপ্তার
কী বলেছেন অভিনেত্রী?

Jun 05, 2026 | 12:57 PM

বুধবার টলিপাড়ার পুরনো ফেডারেশন ভেঙে নতুন ‘কনফেডারেশন’ গড়ার ডাক দিয়েছিলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তার ঠিক চব্বিশ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার সকালে চরম উত্তেজনা ছড়ায় টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে। তুমুল বিবাদ, ইটবৃষ্টি এবং ডিম ছোড়াছুড়ির ঘটনায় উত্তাল পরিবেশ তৈরি হয় টলিপাড়ায়। রিজেন্ট পার্ক থানার পুলিশ এসে পরিস্থিতি সামলায় । আর এই অভূতপূর্ব ঘটনার পরে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) সোশাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তিন আর্জি জানিয়েছেন তিনি।

তাঁর স্পষ্ট অভিযোগ, ফিল্ম ও টিভি ইন্ডাস্ট্রির অন্দরে সরাসরি রাজনীতি ঢুকিয়ে বিগত সরকার এর কোমর আগেই ভেঙে দিয়ে গিয়েছে। চতুর কিছু মানুষ ক্ষমতার পাশে ঘুরঘুর করে নিজেদের আখের গুছালেও, একের পর এক পরিচালক ব্যান হওয়ার কারণে দিনের শেষে চরম সংকটে পড়ে কাজ হারিয়েছেন এই সাধারণ ও গরিব টেকনিশিয়ানরাই। তিনি বলেছেন, “যারা ইঁট আর ডিম ছুঁড়ল তাদের একজনকেও কস্মিনকালে কোনও শুটিং ইউনিটে দেখিনি। এরা আমাদের টেকনিশিয়ান নয়। এরা তবে কারা? কেন অশান্তি বাধাচ্ছে?”

টলিউডের এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি পেতে বর্তমান সরকারের সর্বোচ্চ চেয়ারের কাছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৩টি কড়া দাবি জানিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী:

প্রথমত: সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত মানুষদের ফিল্ম ও টিভি ইন্ডাস্ট্রির সম্পূর্ণ বাইরে রাখা হোক।

দ্বিতীয়ত: রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের রাজনৈতিক পরিচয়কে বাইরে রেখে স্টুডিয়োয় ঢোকা বাধ্যতামূলক করা হোক।

তৃতীয়ত: টেকনিশিয়ানদের সমস্যার কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনা হোক।

কলাকুশলীদের সমস্ত ন্যায্য দাবীর পাশে দাঁড়িয়ে টলিপাড়ার এই নোংরা রাজনীতি বন্ধের ডাক দিয়েছেন অভিনেত্রী। এখন দেখার, এই অচলাবস্থা কাটাতে এবং টেকনিশিয়ানদের ঘরের অন্ন সংস্থান বাঁচাতে সরকার কী পদক্ষেপ করে।

Follow Us