
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে মুখ্যমন্ত্রী, অভিনেতা বিজয় থালাপতি এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানের অফ-স্ক্রিন রসায়ন নিয়ে চর্চার পারদ সবসময় তুঙ্গে থাকে। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, এই চর্চিত জুটির পথ নাকি এবার চিরতরে আলাদা হয়ে গিয়েছে। কিন্তু সমস্ত জল্পনাকে এক ফুঁয়ে উড়িয়ে দিলেন তৃষা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা সুপারস্টার বিজয় থালাপতির জন্মদিনের উদযাপনের একটি অত্যন্ত মিষ্টি ও ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী, যা দেখে কার্যত থমকে গিয়েছে নিন্দুকদের ট্রোলিং।
শোনা যাচ্ছিল তৃষা হঠাৎ করেই ইনস্টাগ্রামে বিজয় থালাপতিকে আনফলো করে দিয়েছেন। শুধু তাই নয়, প্রতি বছরের মতো এবার জন্মদিনের শুরুতেও তাঁর তরফ থেকে কোনও শুভেচ্ছা বার্তা আসেনি। ব্যাস, এই দুইয়ে দুইয়ে চার করেই সোশাল মিডিয়ায় রটে যায় তাঁদের ব্রেক-আপের খবর। তবে ড্যামেজ কন্ট্রোল করতে বেশি সময় নেননি তৃষা। মাঝরাতেই বিজয়ের কেক কাটার একটি আদুরে ছবি পোস্ট করেন তিনি। ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছেন দুজনে। ছবিতে দেখা যাচ্ছে, বিজয় থালাপতি যখন হাসিমুখে কেকের দিকে তাকিয়ে, তৃষা তখন পরম ভালোবাসায় তাঁর দিকে চেয়ে রয়েছেন। ক্যাপশনে লিখেছেন, “যে মানুষটি আমার জীবনকে অর্থপূর্ণ করে তুলেছে, তাঁকে জানাই শুভ জন্মদিন।”
এই দুই তারকার অন-স্ক্রিন ম্যাজিক শুরু হয়েছিল ২০০৪ সালের ব্লকবাস্টার ছবি ‘গিল্লি’ দিয়ে। এরপর ‘তিরুপাচি’ থেকে শুরু করে ২০০৮ সালের ‘কুরুভি’— রূপোলি পর্দায় তাঁদের ম্যাজিক মন জয় করে দর্শকদের। তবে রহস্যজনকভাবে ‘কুরুভি’ ছবির পরেই এই সুপারহিট জুটি একসঙ্গে কাজ করা বন্ধ করে দেয়। স্টুডিও পাড়ার অন্দরের খবর ছিল, বিজয়ের পরিবার নাকি এই ঘনিষ্ঠতা ভালোভাবে নেয়নি এবং তৃষার থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছিল। যদিও বরাবরই তাঁরা নিজেদের ‘ভালো বন্ধু’ বলে দাবি করে এসেছেন।
চলতি বছরের শুরুতেই বিজয় থালাপতির ২৫ বছরের বৈবাহিক জীবনে বড় ঝড় ওঠে, যখন তাঁর স্ত্রী সঙ্গীতা আদালতে ডিভোর্সের মামলা করেন এবং স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। মামলায় কোনও নাম না থাকলেও নেটিজেনদের তির ছিল তৃষার দিকেই। কিন্তু সমস্ত বিতর্ক পাশে সরিয়ে, চলতি বছরেই রাজনীতিতে বিপুল জয় পেয়ে যখন বিজয় থালাপতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন প্রথম সারিতে থেকে তাঁকে চিয়ার করতে দেখা গিয়েছিল তৃষাকেই। যদিও মাঝে শোনা যাচ্ছিল বিজয়ের বিচ্ছেদ আটকে দিতে চাইছেন তাঁর মা। তবে এই জন্মদিনের পোষ্টের পর অনেকেই মনে করছেন বিজয় মন দিয়েছেন তৃষাকেই।