
তৃতীয় বিয়ে সারলেন আমির খান। সমাজ মাধ্যমে একটা ভিডিয়ো ভাসিয়ে দিয়েছেন কিছুজন। যেখানে দেখা যাচ্ছে আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্ত পৌঁছেছেন এক বিয়ের অনুষ্ঠানে। আবার কিরণ রাওয়ের একটা ভিডিয়ো ভাইরাল। বিয়েবাড়িতে যাওয়ার মতো সাজগোজ করে পৌঁছে গিয়েছেন অনুষ্ঠানে। এই ভিডিয়ো এক্স-এ পোস্ট করেছেন কিছুজন। একজন লিখেছেন, ”আমির খানের বিয়ে দেখতে পৌঁছে গিয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী! কীভাবে এরকম সম্ভব, বুঝে উঠতে পারছি না।” আর একজন লিখেছেন, ”আমির খান নিশ্চয়ই তাঁর প্রাক্তন স্ত্রীর সঙ্গে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে পেরেছেন যে, তাঁদের আমিরের নতুন বিয়ে মেনে নিতে কোনও অসুবিধা হচ্ছে না।”
তবে আমির খানের যখন আইনি বিয়ে হচ্ছিল গৌরী স্প্র্যাটের সঙ্গে, সেখানে উপস্থিত ছিলেন না রিনা বা কিরণ। আমির খানের ছেলে জুনেইদ খান এবং তাঁর মেয়ে ইরা খান উপস্থিত ছিলেন এই বিয়েতে। আবার আমির-কিরণের একমাত্র পুত্র উপস্থিত ছিল আমিরের পাশেই। গৌরীর ছেলেও উপস্থিত ছিল। কিন্তু রিনা বা কিরণের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তা খান পরিবারের অন্য একটা বিয়ের ভিডিয়ো।
আমির-কন্যা ইরার বিয়েতে পৌঁছে গিয়েছিলেন ইরার মা রিনা। আবার এই বিয়েতে পরিবার হিসাবেই উপস্থিত ছিলেন কিরণ। সেই সময়ে আমির খান তাঁর দুই প্রাক্তন স্ত্রীকে নিয়ে ছবি তুলেছিলেন। সেসব ছবি আর ভিডিয়ো নতুন করে ভাসিয়ে দেওয়া হয়েছে। যাতে মনে হচ্ছে, আমিরের তৃতীয় বিয়ের সময়ে পৌঁছে গিয়েছেন রিনা আর কিরণ। কিন্তু বিয়ের মুহূর্তে তাঁরা উপস্থিত ছিলেন না। যদিও আমিরের সঙ্গে তাঁর কোনও প্রাক্তনের তিক্ততার সম্পর্ক নয়।