
কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় প্রতিনিয়ত মজার-মজার সব কাণ্ড ঘটান। এবার ‘অনেকদিন পর’ ছবিটি দেখার জন্য আমন্ত্রণ জানাতে অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়ি। সেখানে পৌঁছে তাঁর বাবা বিশ্বজিত্ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন সাবিত্রীর। বিশ্বজিতের সঙ্গে কথা বলতে শুরু করেই সাবিত্রী বলেন, ”আজকাল কি আর একদমই কলকাতা আসা হয় না?” এরপর কথোপকথনের ফাঁকে মজা করে সাবিত্রী বলেন, ”আগে তুমি আমার ডেট ছিলে, এবার তোমার ছেলের সঙ্গে ডেট করব।”
সাবিত্রীর পাশে তখন বিছানায় বসে ছিলেন প্রসেনজিত্। এমন কথা শুনে তিনি বেজায় মজা পেয়েছেন, তা বোঝা গেল অভিনেতার মুখের ভাব থেকে। হাসি-ঠাট্টায় যে দারুণ সময় কেটেছে দু’ জনের, তা বুঝতে অসুবিধা হয় না। এই ভিডিয়ো দেখা যাচ্ছে প্রসেনজিতের সমাজ মাধ্যমে। সাবিত্রীর বিছানার পিছনে একটি পুরস্কারও রাখা রয়েছে, যেখানে রয়েছে মহানায়ক উত্তম কুমারের ছবি। প্রসেনজিত্ বলেন, এরপর তাঁর বাপি মানে বিশ্বজিত্ চট্টোপাধ্যায় শহরে এলে, বাড়িতে বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে একটা আড্ডার ব্যবস্থা করবেন তিনি।
প্রসেনজিতের প্রযোজনায় ২৬ জুন মুক্তি পাবে ‘অনেকদিন পর’ ছবিটি। এই ছবির পরিচালক সৌরভ পালোধী। সৌরভের সঙ্গেই প্রযোজক প্রসেনজিত্ পৌঁছে গিয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটেও। ছবিটি দেখার জন্য বিমান বসুকে আমন্ত্রণ জানিয়েছেন অভিনেতা। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্বদেরই আমন্ত্রণ জানানো হচ্ছে, যাঁরা সিনেমা-নাটক দেখতে পছন্দ করেন। শমীক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্তর মতো ব্যক্তিত্বদের ছবিটি দেখার জন্য আমন্ত্রণ জানাতে যোগাযোগ করা হচ্ছে, তেমনই জানা গেল।