‘এই রে, ‘বিধায়ক’কে গালাগাল দিয়েছি…’, রুদ্রনীলকে নিয়ে কী বললেন অনুষা?

'হাওয়া বদল' ছবিতে রুদ্রনীল ঘোষের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অনুষা বিশ্বনাথনকে। ব্যক্তিগত জীবনে অনুষা আর রুদ্রনীলের বয়সের ফারাক ২০ বছরের বেশি। ছবিতে রোম্যান্স করতে গিয়ে কী মনে হল? টিভি নাইন বাংলাকে অনুষা বললেন, ''অন স্ক্রিন বয়সের ফারাক এতটা বেশি নয়।

এই রে, বিধায়ককে গালাগাল দিয়েছি..., রুদ্রনীলকে নিয়ে কী বললেন অনুষা?

|

Jun 10, 2026 | 6:56 PM

‘হাওয়া বদল’ ছবিতে রুদ্রনীল ঘোষের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অনুষা বিশ্বনাথনকে। ব্যক্তিগত জীবনে অনুষা আর রুদ্রনীলের বয়সের ফারাক ২০ বছরের বেশি। ছবিতে রোম্যান্স করতে গিয়ে কী মনে হল? টিভি নাইন বাংলাকে অনুষা বললেন, ”অন স্ক্রিন বয়সের ফারাক এতটা বেশি নয়। মেয়েটির বয়স কম হলেও, সে তুলনায় পরিণত। অন্যদিকে রুদ্রদার চরিত্র ছেলেমানুষীতে ভরা। একটা ব্যান্ডের সদস্য রুদ্রদার চরিত্র। তার গলা যাতে ঠিক থাকে, সেই ব্যাপারে যত্ন করতে বলে মেয়েটি। ছবিতে খুব মিষ্টি রোম্যান্স আছে আমাদের মধ্যে। যৌনতা যে বিশেষ রয়েছে, সেরকম নয়।”

ছবির প্রথম ঝলকেই দেখা দিয়েছে, রুদ্রনীলের চরিত্রকে কড়া গালাগাল করেছে অনুষার চরিত্র। এই প্রসঙ্গে অনুষা হেসে ফেলে বললেন, ”প্রথম দিনই কঠিন দৃশ্য। রুদ্রদার সঙ্গে প্রথমবার কাজ করছি, প্রথমদিনই গালাগাল দিতে হলো। বললাম, ‘বাতেলা…না…’! ৪ মে রেজাল্টের পরই ছবির ঝলক মুক্তি পেয়েছে। আমি তো ভাবলাম, এই রে, বিধায়ককে গালাগাল দিয়েছি, লোকজন অন্যভাবে না নিয়ে নেয়! ছবির শুটিং অবশ্য হয়েছে তিন বছর আগে।”

অনুষার পরপর দু’ টি ছবি মুক্তি পাচ্ছে। ‘হাওয়া বদল’-এর পর আসছে চৈতী ঘোষাল পরিচালিত ‘নেভারমাইন্ড’। টলিউডে কি তুলনায় কম কাজ পেলেন অনুষা? কাজ করার সময় কী ধরনের সমস্যা ফেস করেছেন? অনুষার জবাব, ”এটা ঠিক আমি অনেক বেশি কাজ করিনি। তবে ভালো পরিচালকদের সঙ্গে কাজ করেছি। শেষ কয়েক বছরে কাজ কমে গিয়েছে, অন্য অনেকের মতো আমারও। ফেভারিটিজমের সমস্যা দেখেছি এমন নয়। আমার যে লুক, যা বয়স, সেরকম চরিত্র বাংলা ছবিতে খুব বেশি যে আসে তা-ও নয়। শেষ কয়েক বছরে ইনডিপেনডেন্ট পরিচালকরা অনেক সময় ছবি তৈরি করতে চেয়েছেন। তবে টলিউডে যা পরিবেশ তাতে পারেননি। তেমন কিছু ছবি হয়তো আমিও সেই কারণে করতে পারিনি। আর একজন অভিনেতাকে একটা চরিত্রের জন্য ১২ হাজার টাকা দেওয়া হলে, আমাকে ৮০০০-এ কাজ করতে বলা হবে। এটা উদাহরণ। মানে একজন অভিনেত্রীর পারিশ্রমিক তুলনায় কম। এত বছর কাজ করার পর পারিশ্রমিক নিয়ে যে দরদাম আমাকে করতে হয়, সেটা বিব্রত হওয়ার মতো। আর কিছু লোক প্রস্তাব নিয়ে আসে, অথচ যাঁকে প্রস্তাব দিচ্ছে তাঁর সম্পর্কেই কোনও রিসার্চ নেই। এগুলোই প্রধান সমস্যা।”

অনুষা ব্যক্তিগত জীবনে ব্রেকআপের মধ্যে দিয়ে গিয়েছেন কিছুদিন আগে। এই মুহূর্তে প্রেম নিয়ে কী ভাবনা? অভিনেত্রী হেসে বললেন, ”এখন শুধু কাজ নিয়ে ভাবছি। আমার যেসব কাজ তৈরি ছিল, কিন্তু মুক্তি পায়নি, এখন পরপর সেগুলো আসছে। ওটাই প্রধান ভাবনা এখন।”

 

Follow Us