
সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটা মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন। তাঁর দাবি, ”আরবানা-তে থাকতে যোগ্যতা লাগে…”। অভিনেত্রীর এই কথা শুনে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সমাজ মাধ্যমে লিখেছেন, ”শুনলাম কে নাকি বলেছে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পাশ করলে তবেই আর্বানায় চান্স পাওয়া যায়!”
টলিপাড়ার একাধিক নামী মুখ থাকেন শহরের এই বহুতলে। সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়াও শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, পায়েল সরকার, অরিন্দম শীল, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থাকেন। বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় আর তাঁর মেয়ে থেকেছেন এই বহুতলে বেশ কিছু বছর ধরে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ও থাকেন এই বহুতলে।
নাম প্রকাশে অনিচ্ছুক ‘আরবানা’-র এক বসবাসকারী জানালেন, ”আরবানা যখন তৈরি হচ্ছিল, সেই সময়ে অনেকে ফ্ল্যাট কেনেন। শুরুর দিকে ফ্ল্যাটের দাম কম ছিল। সেই ফ্ল্যাটের দামই এখন বেড়ে গিয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায় তুলনায় বড় ফ্ল্যাটে থাকেন। সেই সময়ে ওরকম ফ্ল্যাটের দাম ছিল চার কোটির উপরে। এখন সেসব ফ্ল্যাটের দামে আরও কয়েক কোটি যোগ হয়েছে। টলিপাড়ার অন্য কিছু তারকা তুলনায় ছোট ফ্ল্যাটে থাকেন একই বহুতলে। এক সুপারস্টার সবচেয়ে বড় ফ্ল্যাটে থাকেন এখানে।”
শহরের এই বহুতলে থাকতে গেলে কয়েক কোটি টাকা খরচ করতে হয়, তা স্পষ্ট ওই ব্যক্তির কথা থেকে। শহরের অনেক ব্যবসায়ী থাকেন এই বহুতলে। তবে কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনাকে ‘যোগ্যতা’ হিসাবে দেখছেন রচনা, তা নিয়ে সমাজ মাধ্যমে তাঁর সহকর্মীরাই সমালোচনা করতে শুরু করেছেন।