
শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় আর তাঁর সঙ্গীরা শুরু করলেন এক নতুন সৃজনশীল প্রয়াস— ‘পটচিত্র’। যাঁদের দর্শকরা এত দিন মঞ্চে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে দেখে এসেছেন, তাঁদের সকলকে নিয়ে গড়ে উঠেছে এই নতুন উদ্যোগ।
‘পটচিত্র’ প্রসঙ্গে পৌষালী জানালেন, “আমাদের সুরের বোধ, জীবনবোধ এবং সঙ্গীতকে ঘিরে বেড়ে ওঠার অভিজ্ঞতা প্রত্যেকেরই আলাদা। কিন্তু সেই ভিন্নতাকে সঙ্গে নিয়েই আমরা একসূত্রে বাঁধা পড়েছি নতুন কিছু সৃষ্টির লক্ষ্যে। সেই সৃষ্টিকে মানুষের সামনে তুলে ধরার জন্য ‘পটচিত্র’-র চেয়ে উপযুক্ত নাম আর হতে পারে না। কারণ বাংলার পটচিত্র যেমন লোকশিল্পের মাধ্যমে সমাজের নানা দিক ও স্তরকে নিজস্ব রঙে ফুটিয়ে তোলে, তেমনই আমরাও সুরের নিজস্ব রঙে আমাদের ভাবনা ও অনুভূতিকে তুলে ধরতে চাই।”
‘পটচিত্র’-এর প্রথম পরিবেশনা হিসেবে পৌষালী ও তাঁর গানের দল বেছে নিয়েছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অমর সৃষ্টি ‘আমি ফুল বন্ধু, ফুলের ভ্রমরা’- গানটিকে । এই পরিবেশনার মাধ্যমে তাঁরা লোকসঙ্গীতের ঐতিহ্যকে নতুন ভাবনা ও উপস্থাপনার সঙ্গে মিলিয়ে শ্রোতাদের সামনে এক নতুন সঙ্গীত অভিজ্ঞতা তুলে ধরতে চলেছেন। সঙ্গীতায়োজনে ও পরিবেশনায় ছিলেন শুভজিৎ রায় এবং সোহম ভৌমিক। ড্রামস-এ শুভাশিষ রায় , ওয়ার্ল্ড পারকাশনে রূপম মণ্ডল, দোতারা ও বুজুকিতে সোহম ভৌমিক, বাঁশিতে পার্থসারথি দাস এবং গিটারে শুভজিৎ রায় সঙ্গত করেছেন।
লোকসঙ্গীতের চিরন্তন আবেদনকে নতুন প্রজন্মের কাছে নতুন আঙ্গিকে পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা ‘পটচিত্র’ ভবিষ্যতে আরও নানা সঙ্গীত উপস্থাপনার মাধ্যমে তার যাত্রা অব্যাহত রাখবে— এমনটাই আশা রাখছেন পৌষালী। এই নতুন গান মুক্তি পেয়েছে পৌষালীর অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে।