
টলিপাড়ায় চর্চা চলছিল মাস দুই ধরে। রণজয় বিষ্ণু আর শ্যামৌপ্তি মুদলির বিয়ে নাকি ভাঙছে! অভিনেতা-অভিনেত্রীর বিয়ের নেমন্তন্ন খেয়েছেন সকলে ফেব্রুয়ারি মাসে। তবে তাঁদের আইনি বিয়েটা হয়ে গিয়েছিল আগে। বাংলা ধারাবাহিকের সেট থেকে প্রেম। অভিনেতা একটি বিচ্ছেদ পর্ব কাটিয়েই এই অভিনেত্রীর কাছে ভালো থাকার রসদ খুঁজেছিলেন। আইনি বিয়ে হয়ে যাওয়ার পর তাঁদের বিয়ের কথাটা ঘোষণা হয়নি। যদিও প্রেমের জল্পনা ছিল।
তারপর এই বছর আনুষ্ঠানিক বিয়ে হয় টলিপাড়ার তাবড় তারকাদের উপস্থিতিতে। কিন্তু গত এক মাস ধরেই অভিনেতা-অভিনেত্রীর বিচ্ছেদের গুঞ্জনে অবাক টলিপাড়া। বাংলা ছবির দুনিয়ার সঙ্গে যুক্ত মানুষদের আর পাঁচজন সাধারণ মানুষের মতোই অনেক সময়ে বিয়ে ভেঙেছে। তবে পাঁচ মাসে বিচ্ছেদর মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ঘটনা শুনে অনেকে বেশ অবাক।
এই গুঞ্জন সামনে আসার পর কিছুদিন আগে অভিনেতা রণজয়ের সঙ্গে যোগাযোগ করা হয় টিভি নাইন বাংলার তরফে। তাঁর থেকে এই ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি। বুধবার শ্যামৌপ্তিকে যোগাযোগ করা হয় টিভি নাইন বাংলা তরফে। শ্যামৌপ্তি বললেন, ”এই ব্যাপারে কোনও মন্তব্য করব না”। তবে ইদানীং টলিপাড়ার অনুষ্ঠানে দম্পতিকে একসঙ্গে সেভাবে পাওয়া যাচ্ছে না। যদিও আর্টিস্টস ফোরামের একটি অনুষ্ঠানে রণজয় আর শ্যামোপ্তিকে একসঙ্গে দেখা গিয়েছিল।
কেন তাঁদের দূরত্ব, তা নিয়ে অনেক রকম চর্চা হচ্ছে। সাংসারিক বিষয়ে মতের অমিল ছাড়াও, তাঁদের সম্পর্কে তৃতীয় কোনও ব্যক্তির প্রবেশ সমস্যা তৈরি করেছে কিনা, তা নিয়ে চর্চা রয়েছে। তবে এই বিষয়ে দু’ জনে মন্তব্য না করা অবধি, পুরোটাই জল্পনা হিসাবে ধরে নেওয়া যায়।