
জয়িতা চট্টোপাধ্যায় (Joyita Chatterjee) এখন ছোটপর্দার দর্শকদের কাছে এক কৌতূহলের নাম। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে ‘বিগ বস বাংলা সিজন ৩’। আর শো শুরু হতে না হতেই যে প্রতিযোগীকে নিয়ে ঘরে-বাইরে জোর চর্চা চলছে, তিনি হলেন এই জয়িতা।
বিগ বসের প্রথম সপ্তাহতে ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন ভরত কল। তবে সেখানে জয়িতাকে ঘিরে পরিস্থিতি প্রথম থেকেই উত্তপ্ত। ঘটনার সূত্রপাত রান্নাঘরে সাধারণ তরমুজ ধোয়াকে কেন্দ্র করে। সহ-প্রতিযোগী নিরঞ্জন মণ্ডল তাঁকে সাবধানে ফল পরিষ্কার করতে বললে বিরক্ত হন জয়িতা সামান্য ভুল বোঝাবুঝি থেকেই ঝামেলার পারদ চড়ে যায়। পরে নিরঞ্জন জয়িতাকে পেছন থেকে জড়িয়ে ধরে ক্ষমা চান। সৃজলার সঙ্গেও বিতর্কে জড়ান জয়িতা। নাম ভুলে তিনি অন্যভাবে সৃজলাকে সম্বোধন করেন যাতে বিরক্ত হন ‘মন ফাগুন’ খ্যাত অভিনেত্রী। এর আগে তিনি লাফটারসেন অর্থাৎ নিরঞ্জনকে অন্যভাবে সম্বোধন করলে মনামী তাঁকে বারণ করেন।
এর চরম প্রভাব পড়ে মনোনয়ন পর্বেও। ভরত, সোনামণি, সোহিনী, সায়ক এবং নিরঞ্জনের মতো একাধিক প্রতিযোগী জয়িতাকে ‘ডাগআউটে’ পাঠানোর পক্ষে ভোট দেন। তাঁদের দাবি ছিল, জয়িতা বাইরে গেলে খেলায় কোনও প্রভাব পড়বে না। সবচেয়ে অবাক করা বিষয়, ঝামেলার জেরে নিরঞ্জন ভোট দিলেও পরে নিজেই কেঁদে ফেলে অনুশোচনা প্রকাশ করেন।
কে এই জয়িতা চট্টোপাধ্যায়?
অনেকের মনেই প্রশ্ন উঠছে, কে এই জয়িতা চট্টোপাধ্যায়? আসলে ক্যামেরার সামনে তিনি একেবারেই নতুন নন। তিনি একজন পরিচিত অভিনেত্রী, ডিজিটাল ক্রিয়েটর এবং সমাজমাধ্যমের জনপ্রিয় মুখ। দীর্ঘদিন ধরে মুম্বইয়ে বসবাস করছেন তিনি। হিন্দি ওয়েব সিরিজ ‘ক্লাস অব ২০২০’ (Class of 2020) এবং টেলিভিশনের কাজের মাধ্যমে বিনোদন জগতে নিজের জায়গা পাকা করেছেন। ফ্যাশন, ট্রাভেল ও লাইফস্টাইল সংক্রান্ত কনটেন্ট তৈরির জন্য সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা প্রায় ২০ লাখ (2 Million)। সেই চেনা মুখই এবার প্রথম বার কোনও রিয়্যালিটি শোয়ের মঞ্চে পা রেখেছেন।
তবে এখানেই শান্ত হচ্ছে না ঘরের আবহাওয়া। প্রোমো অনুযায়ী, আগামী পর্বেই ফের এক নতুন দ্বন্দ্বে জড়াতে চলেছেন জয়িতা। এবার তাঁর মুখোমুখি সংঘাত দেখা যাবে অভিনেতা সায়ক চক্রবর্তীর সঙ্গে। ঠিক কী কারণে এই বাদানুবাদ, তা নিয়ে দর্শকদের মধ্যে চরম আগ্রহ তৈরি হয়েছে। সব মিলিয়ে, লক্ষ লক্ষ অনুরাগী পাশে থাকলেও বিগ বসের কঠিন খেলায় নিজের মাটি শক্ত করতে এখন একের পর এক লড়াই করতে হচ্ছে জয়িতাকে।