Arijit Singh Comeback: প্লে-ব্যাকে আচমকা কামব্যাক! নিজের নেওয়া সিদ্ধান্ত কেন বদলালেন অরিজিৎ?

Bollywood News: বলিউডে প্লে-ব্যাক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অরিজিৎ সিং। কিন্তু আচমকাই 'আওয়ারাপন ২' ছবির গানে শোনা গেল তাঁর কণ্ঠ! নিজের নেওয়া সিদ্ধান্ত থেকে কেন হঠাৎ সরে এলেন গায়ক? তবে কি কারও চাপের মুখে পড়েই এই কামব্যাক? জল্পনার মাঝেই আসল সত্যিটা প্রকাশ্যে আনলেন সুরকার অমল মালিক।

Arijit Singh Comeback: প্লে-ব্যাকে আচমকা কামব্যাক! নিজের নেওয়া সিদ্ধান্ত কেন বদলালেন অরিজিৎ?
কী বলেছেন অমল?

Aug 09, 2026 | 11:52 AM

অরিজিৎ সিং (Arijit Singh) প্লেব্যাক গান থেকে বিরতি নেওয়ার পর থেকেই মন খারাপ ছিল কোটি কোটি ভক্তের। শুধু ভারত নয়, গোটা বিশ্বের অগণিত শ্রোতা ধরে নিয়েছিলেন, সবার প্রিয় গায়ক হয়ত আর কখনও প্লেব্যাকে ফিরবেন না। মিউজিক ইন্ডাস্ট্রি থেকে তাঁর এই সাময়িক দূরে থাকা নিয়ে কম জল্পনা হয়নি। কিন্তু সব মন খারাপের অবসান ঘটিয়ে তিনি আবার মাইক ধরেছেন। ‘আওয়ারাপন ২’ (Awarapan 2) ছবির মাধ্যমে ফের একবার তাঁর সেই জাদুকরী কণ্ঠ শুনতে পাচ্ছেন শ্রোতারা। কিন্তু আসল প্রশ্ন হল, এত দিনের বিরতি হঠাৎ কেন ভাঙলেন তিনি?

এই বিরাট চমকের পিছনে আসল মানুষটি হলেন সুরকার অমল মালিক। অনেকের মনেই একটা ধারণা তৈরি হয়েছিল যে, হয়তো এটি অরিজিতের গাওয়া কোনও পুরনো রেকর্ড করা গান, যা এতদিন পর রিলিজ করা হচ্ছে। কিন্তু অমল মালিক একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ব্যাপারটা মোটেও তেমন নয়। কারও চাপে পড়ে বা বাধ্য হয়ে অরিজিৎ এই গান গাননি। পুরো সিদ্ধান্তটাই তাঁর নিজের।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমাল গোটা ঘটনার সত্যিটা সামনে আনেন। তিনি জানান, প্রায় এক বছর ধরে ‘ইয়ে আওয়ারাপন’ গানটি তাঁর নিজের গলাতেই রেকর্ড করা ছিল। কাজের নিয়ম অনুযায়ী, অমল আর অরিজিৎ বরাবরই একে অপরের সঙ্গে নিজেদের তৈরি মিউজিক শেয়ার করেন। অমল সাধারণত তাঁকে পাঁচ-ছ’টি গান পাঠান। তার মধ্যে কোনও একটি গান অরিজিতের পছন্দ হলে, তাঁরা একসঙ্গে কাজ করেন।

তবে এই গানটির ক্ষেত্রে গল্পটা একটু অন্যরকম। গানটি শুনে অরিজিৎ খুব খুশি হলেও, প্রথমে তিনি গাইতে রাজি হননি! তিনি অবাক হয়ে অমলকে বলেছিলেন, গানটা তো আগেই খুব সুন্দর করে গাওয়া হয়েছে, তাহলে তাঁকে দিয়ে নতুন করে কেন রেকর্ড করানো হবে? কিন্তু অমল ছিলেন নাছোড়বান্দা। তিনি ঠিক করেই নিয়েছিলেন যে, এই গানে তাঁর অরিজিতের গলাই চাই। শেষমেশ অমলের জোরাজুরিতে এবং গানের প্রতি ভালোবাসার টানে কয়েক মাস আগে অরিজিৎ গানটি রেকর্ড করতে রাজি হন।

অমল মনে করেন, অরিজিৎ সিংয়ের মতো মানুষ সত্যিই খুব বিরল। তাঁর প্রতিভা এবং পরিশ্রম করার ক্ষমতা অবাক করার মতো। সবচেয়ে বড় কথা হল, নিজের ইচ্ছে মতো ফিল্মি দুনিয়ার ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসার সাহস তাঁর আছে। অমল ভক্তদের আশ্বস্ত করে বলেছেন, কেউ যেন না ভাবেন যে এটাই অরিজিতের শেষ গান। ভবিষ্যতে কোনও গান পছন্দ হলে তিনি নিশ্চয়ই গাইবেন। তিনি পাকাপাকিভাবে বলিউড গান ছাড়েননি।

তবে এই গল্পের পেছনে একটা বড় মোড়ও রয়েছে। কারণ অমল যখন এই গান নিয়ে এত কথা বলছেন, ঠিক তার কিছুদিন আগেই একদম অন্য কথা বলেছিলেন অরিজিতের ম্যানেজার! গায়কের ম্যানেজারের দাবি ছিল, এই ছবির মাধ্যমে অরিজিৎ নতুন করে কোনও ‘কামব্যাক’ বা প্রত্যাবর্তন করছেন না। বিরতি নেওয়ার আগে যেসব গানের পুরনো চুক্তি সই করা ছিল, তিনি শুধু সেই বকেয়া কাজগুলোই নিয়ম মেনে শেষ করছেন।

একদিকে সুরকার বলছেন অরিজিৎ সম্প্রতি গানটি ভালোবেসে রেকর্ড করেছেন, অন্যদিকে গায়কের ম্যানেজার বলছেন এটি স্রেফ পুরোনো চুক্তির কাজ। এই দুই ভিন্ন মন্তব্যের মাঝে দাঁড়িয়ে আসল সত্যিটা ঠিক কী, তা নিয়ে তৈরি হয়েছে দারুণ কৌতূহল। তবে বিতর্ক যাই থাক, আগামী ১৪ অগস্ট বড় পর্দায় ‘আওয়ারাপন ২’ মুক্তির পর অরিজিতের নতুন গান বড় পর্দায় শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমস্ত ভক্ত।

Loading...
Unable to load recommendations.
Follow Us