
সেলেব জন্মদিন বলে কথা। সেখানে যে বিশেষ কিছু আয়োজন থাকবে না তা কি হয়। প্রতিটা মুহূর্তে একের পর এক চমক সামনে আসতে দেখা যায় এই সেলেবদের জন্মদিনকে কেন্দ্র করে। আর তা যদি হয়ে থাকে অভিনেত্রী তথা মডেল উর্বশী রাউটেলার, তবে তো বলাই বাহুল্য। ফ্যাশন ডিভার জন্মদিনে এবার বিশেষ উপহার নিয়ে হাজির গায়ক। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেল রাতারাতি। ঠিক কী উপহার পেলেন উর্বশী, তার দামই বা কত? শুনলে চমকে যাবেন। এবার ২৪ ক্যারট গোল্ডে অর্থাৎ সোনার কেক অভিনেত্রীকে উপহার দিলেন গায়ক হানি সিং। যার দাম শোনা যাচ্ছে ৩ কোটি টাকা।
স্টাইলের সঙ্গে যে কেক কাটার ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী। যা দেখা মাত্রই একের পর এক কটাক্ষ ধেয়ে আসে অভিনেত্রীর দিকে। সোনার গুঁরো দিয়ে ঢেলে সাজানো কেক, তিনতলা যে কেক দেখে বিশ্বাসই করতে পারছেন না অনেকে যে তিন কোটির কেক হতে পারে। এক কথায় যাকে বলে চোখ কপালে ওঠার জোগার। ফ্রি প্রেস জার্নাল-এ হানি সিং এই প্রসঙ্গে মুখ খুলেছেন, ”আমি স্থির করেছিলাম, এই জন্মদিনটা ওর বিশেষ করে তুলব তিন কোটির কেক দিয়ে। আমি আমাদের জুটিটাকে বিশেষ করার জন্য এটা করেছি। ও ওর কাজে ভীষণ ভাল, তাই এমন একটা বিশেষ আপ্যায়ন ওর প্রাপ্য।”
এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই তা নিয়ে জল্পনা ওঠে তুঙ্গে। কেউ এই জুটিকে রিয়েল লাইফ জুটি বলে দাবি করেন, কেউ আবার বাস্তবে তাঁদের একসঙ্গে দেখতে চান, কেউ কেউ আবার কেকের দাম শুনে রীতিমত মেজাজ হারান। তবে বিতর্ক যাই হোক না কেন, জন্মদিন যে উর্বশীর কাছে বিশেষ হয়ে রয়ে গেল, তা বলাই বাহুল্য।