
ট্রেন্ডিং টপিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় রসিকতা করতে বরাবরই পটু দেশের অন্যতম জনপ্রিয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটো (Zomato)। তবে এবার মহাতারকা অমিতাভ বচ্চনের সাম্প্রতিক একটি উপস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করে ফের নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে এই ব্র্যান্ড। কাচের ঘেরাটোপে বিগ বচ্চনের নিরাপত্তার বিষয়টি নিয়ে করা এই পোস্ট ঘিরে বিতর্কের ঝড় বইছে নেটপাড়ায়।
ব্য়াপারটা কী ঘটেছে?
অমিতাভ বচ্চন তাঁর মুম্বইয়ের বাড়ি ‘জলসা’র বাইরে প্রতি রবিবারের চিরাচরিত প্রথা অনুযায়ী অনুরাগীদের মুখোমুখি হয়েছিলেন। তবে গত রবিবারের দৃশ্যটি ছিল কিছুটা আলাদা। নিরাপত্তার কড়াকড়ির কারণে তাঁকে একটি স্বচ্ছ কাচের বা বুলেটপ্রুফ ঘেরাটোপের পেছন থেকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যায়। এর আগে তাঁর বাসভবনে বোমা হামলার হুমকি এবং অন্য এক বলিউড তারকার ওপর হামলার ঘটনার পর থেকেই বিগ বচ্চনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। চার দশকেরও বেশি সময় ধরে চলে আসা রবিবারের এই ফ্যান মিট প্রথা তিনি বজায় রাখলেও নতুন এই নিরাপত্তার আবরণ বেশ নজর কাড়ে।
অমিতাভের এই বুলেট প্রুফ বাক্সে অনুরাগীদের সঙ্গে দেখা করার বিষয়টিকেও ছাড়েনি জোম্যাটোর সোশ্যাল মিডিয়া টিম। কাচের বাক্সে বন্দি একটি মিষ্টির ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয়— “দাঁড়িয়ে থাকা এক বলিউড অভিনেতা, যিনি বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন।” যদিও পোস্টে সরাসরি কারও নাম নেওয়া হয়নি, তবুও ছবি ও ক্যাপশনের সঙ্গে অমিতাভ বচ্চনের সাম্প্রতিক ওই খবরের মিল খুঁজে পেতে ভুল করেননি নেটিজেনরা।
জোম্যাটোর এক্স হ্যান্ডেলের পোস্ট—
নিরাপত্তার মতো একটি গুরুতর ও সংবেদনশীল বিষয়কে ব্র্যান্ডের বিজ্ঞাপনী চটক হিসেবে ব্যবহার করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ এই রসিকতাকে উপভোগ করলেও, অন্য একটি পক্ষ বিষয়টিকে অপ্রাসঙ্গিক ও কুরুচিকর বলে সমালোচনাও করেছেন। তবে ব্র্যান্ডের এই কৌশল যে ফের একবার ইন্টারনেটে আলোচনার কেন্দ্রে চলে এসেছে, তা বলাই বাহুল্য। এই নিয়ে জোম্যাটোর তরফ থেকে এখনও পর্যন্ত কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।