
নয়া দিল্লি: সাত দিনের ডেডলাইন শেষ। আজই সুপ্রিম কোর্ট (Supreme Court) ও লোকসভার স্পিকারের (Loksabha Speaker) নোটিসের জবাব দিতে হবে এনসিপিআই-এ (NCPI) যোগ দেওয়া ২০ জন সাংসদকে। দলত্যাগ বিরোধী আইনে কাকলি-সুদীপদের সদস্যপদ খারিজের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেই আবেদনের ভিত্তিতেই জবাব তলব করে ওই সাংসদদের নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আলাদা করে লোকসভার স্পিকার ওম বি়ড়লাও নোটিস পাঠিয়েছেন। ওই নোটিসের জবাব দেওয়ার শেষদিন আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর। নোটিসের কী জবাব দেবেন কাকলি-সুদীপরা? আজই কি নির্ধারিত হয়ে যাবে NCPI-তে যোগ দেওয়া ২০ সাংসদের ভবিষ্যৎ?
সূত্রের খবর, মঙ্গলবার নোটিসের জবাব দিচ্ছেন না কাকলি-সুদীপরা। জবাব দেওয়ার জন্য আরও সময় চেয়েছেন। সূত্রের খবর, এই বিষয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন তাঁরা। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন সুদীপ, কাকলিরা। কীভাবে, কবে জবাব দেওয়া হবে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। শেষপর্যন্ত কবে নোটিসের জবাব দেবেন তাঁরা, তা এখনও জানা যায়নি।
২০ জন সাংসদ তৃণমূলের প্রতীকে লোকসভা নির্বাচনে জিতলেও, পালবাদলের পর দল থেকে বেরিয়ে গিয়ে পৃথক পরিচয়ে সংসদীয় পদ গঠন করতে চেয়ে এনসিপিআই পরিচয় নিয়ে লোকসভার স্পিকারের কাছে আবেদন জানিয়েছিলেন। সংসদের বাদল অধিবেশন শুরুর প্রায় এক মাস আগেই তাঁরা এই আবেদন জানিয়েছিলেন। এর ঠিক এক সপ্তাহ পরেই স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ-কাকলিদের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে ২০ জন সাংসদের নামে ২০টি আলাদা চিঠিও দেন অভিষেক। আইন অনুযায়ী, ২০ জন সাংসদের সদস্যপদ খারিজের আবেদন করেন তিনি।
বাদল অধিবেশন কেটে গেলেও, দলত্যাগ বিরোধী আইনে স্পিকার ওই ২০ জন সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেননি, এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলায় এনসিপিআই-র ২০ জন সাংসদের বিরুদ্ধে নোটিস জারি করে সুপ্রিম কোর্ট। স্পিকারের বক্তব্য ছাড়া নোটিস ইস্যু করা হবে না বলে উল্লেখ করে শীর্ষ আদালত। স্পিকারও ওই ২০ জন সাংসদকে নোটিস পাঠায়।