India Mobile Phone Survey: ভারতের গ্রামীণ মহিলাদের অর্ধেকেরও বেশি এখনও কেন মোবাইল ফোনের মালিক নন?

Mobile Phone Ownership Among Rural Women in India: আজকের ‘YOUR INDIA’ কলামে সন্তোষ নায়ার তুলে ধরেছেন মোবাইল ফোন ব্যবহার করা আর নিজের ফোন থাকার মধ্যে থাকা ফারাকের বিষয়টি। NSO-র তথ্য বলছে, গ্রামীণ এলাকার অধিকাংশ তরুণী মোবাইল ফোন ব্যবহার করলেও তাঁদের অনেকেরই নিজস্ব ফোন নেই। অন্যের ফোনের উপর নির্ভরশীল থাকতে হয় তাঁদের। এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা, স্বাধীনতা এবং ডিজিটাল পরিষেবা ব্যবহারের সুযোগ—সব ক্ষেত্রেই তৈরি হচ্ছে নানা বাধা।

India Mobile Phone Survey: ভারতের গ্রামীণ মহিলাদের অর্ধেকেরও বেশি এখনও কেন মোবাইল ফোনের মালিক নন?
ফোন ব্যবহার করা আর ফোনের মালিক হওয়ার মধ্যে পার্থক্য কী? Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 13, 2026 | 4:33 PM

প্রতিদিন রাত আটটায় উনিশ বছরের পূজা (ধরা যাক, পূর্ব ভারতের কোনও একটি গ্রামের বাসিন্দা) তার ভাইয়ের ঘরের দরজায় অপেক্ষা করে। ভাই তখন মোবাইলে গেম খেলছে। গেমের একটি লেভেল শেষ না হওয়া পর্যন্ত সে অপেক্ষা করে। কারণ ফোনটি তার ভাইয়ের। আর ভাই তাকে মাত্র আধ ঘণ্টার জন্য ফোনটি ব্যবহার করতে দিয়েছে। আজ রাতে পূজার কাজ হল, সে যে স্কলারশিপের ফর্ম জমা দিয়েছিল, সেটি গ্রহণ করা হয়েছে কি না, তা দেখা। পাশেই দাঁড়িয়ে রয়েছেন তার মা। তিনি জামাকাপড় ভাঁজ করতে করতে মেয়ের উপর নজর রাখছেন। পূজা ফর্মটি খুঁজে বের করে স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকায়। তারপর আধ ঘণ্টা শেষ হওয়ার আগেই ফোনটি ভাইয়ের হাতে ফিরিয়ে দেয়। কারণ ততক্ষণে ভাই ফোনটি ফেরত চেয়ে বসেছে।

পূজা কোনও ব্যতিক্রমী মেয়ে নয়। বরং পরিসংখ্যানের একটি অংশ মাত্র সে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস (NSO) ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে প্রায় ৩৫ হাজার পরিবারের ১.৪ লক্ষেরও বেশি মানুষের উপর সমীক্ষা চালায়। সেখানে জানতে চাওয়া হয়েছিল, কার নিজের মোবাইল ফোন রয়েছে। ১৫ বছর বা তার বেশি বয়সি মানুষের মধ্যে শহরের ৯০ শতাংশ পুরুষের নিজস্ব মোবাইল রয়েছে। গ্রামীণ পুরুষদের ক্ষেত্রে এই হার ৮০.৭ শতাংশ এবং শহরের মহিলাদের ক্ষেত্রে ৭১.৮ শতাংশ। কিন্তু গ্রামীণ মহিলাদের মধ্যে মাত্র ৪৮.৪ শতাংশের নিজস্ব মোবাইল ফোন রয়েছে। অর্থাৎ, তাঁদের ৫১.৬ শতাংশের কাছেই নিজের কোনও ফোন নেই। সংখ্যাটা অর্ধেকেরও বেশি।

মালিকানার ক্ষেত্রে বৈষম্য যতটা মনে হয়, তার চেয়েও বেশি-

দুটি প্রান্তের পরিসংখ্যান পাশাপাশি রাখলেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। গ্রামীণ মহিলা এবং শহরের পুরুষদের মধ্যে নিজস্ব মোবাইল ফোন থাকার ব্যবধান ৪০ শতাংশেরও বেশি। এমনকী, শুধু গ্রামের পুরুষ এবং শহরের পুরুষদের তুলনায় যে ব্যবধান, তার থেকেও অনেক বেশি এই ফারাক।

একটি গ্রামের ১০০ জন মহিলাকে যদি এক জায়গায় দাঁড় করিয়ে প্রশ্ন করা হয়, ‘আপনি যে ফোনটি ব্যবহার করেন, সেটি কি সত্যিই আপনার নিজের?’ তাহলে দেখা যাবে, অর্ধেকেরও কম মহিলা হাত তুলেছেন। তবে সমস্যার জায়গাটি কিন্তু অন্য কোথাও। যাঁদের নিজস্ব ফোন রয়েছে, তাঁদের অধিকাংশের কাছেই স্মার্টফোন আছে। গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে এই হার ৭৫.৬ শতাংশ থেকে শুরু করে শহরের পুরুষদের ক্ষেত্রে ৮৯.৪ শতাংশ পর্যন্ত। অর্থাৎ, সমস্যা ফোনের ধরনে নয়। আসল সমস্যা হল, প্রথম নিজের ফোনটি হাতে পাওয়া।

ফোন ব্যবহার করা আর ফোনের মালিক হওয়ার মধ্যে পার্থক্য-

তরুণ-তরুণীদের ক্ষেত্রে পরিসংখ্যান আরও তাৎপর্যপূর্ণ। ১৫ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে গত তিন মাসে ৯৫.৭ শতাংশ গ্রামীণ তরুণী মোবাইল ফোন ব্যবহার করেছেন। অর্থাৎ, প্রায় প্রত্যেকেই ফোন ব্যবহার করেন। অথচ তাঁদের মধ্যে মাত্র ৫১.৭ শতাংশের নিজস্ব মোবাইল রয়েছে। গ্রামীণ তরুণদের ক্ষেত্রে এই হার ৭৪.৮ শতাংশ।

অর্থাৎ, গ্রামের প্রায় প্রত্যেক তরুণীই মোবাইল ব্যবহার করেন। কিন্তু তাঁদের প্রায় অর্ধেকই অন্য কারও ফোন ব্যবহার করতে বাধ্য হন। ‘ব্যবহার করা’ এবং ‘মালিক হওয়া’—এই দুটি শব্দের মধ্যেকার সামান্য পার্থক্যের মধ্যেই লুকিয়ে রয়েছে গোটা সমস্যার ছবি। কারণ অন্যের সঙ্গে ভাগ করে ব্যবহার করা ফোন মানেই সেখানে নজরদারির সম্ভাবনা রয়েছে।

যিনি ফোনটি ধার দেন, তিনি ব্যবহারকারীর কাঁধের উপর দিয়ে স্ক্রিনে নজর রাখতে পারেন। কী সার্চ করা হচ্ছে, কে মেসেজ পাঠাচ্ছেন, সব কিছু জানতে পারেন। আবার সন্ধ্যা হলেই ফোনটি ফিরিয়ে নিতে পারেন। অন্যের ফোন ব্যবহার করতে বাধ্য হওয়া কোনও তরুণী নিজের সার্চ হিস্ট্রি, মেসেজ কিংবা ব্যাঙ্কের তথ্য সম্পূর্ণ গোপন রাখতে পারেন না। এমনকী, রাতের দিকে ফোন ব্যবহারের সুযোগও তাঁর নাও থাকতে পারে।

সাধারণ জীবনের দরজা হয়ে উঠছে মোবাইল ফোন-

মোবাইল ফোনকে যদি নিছক বিলাসিতার বস্তু হিসেবে দেখা হত, তাহলে এই সমস্যাকে সামান্য অসুবিধা বলে এড়িয়ে যাওয়া যেত। কিন্তু বর্তমানে সাধারণ জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ফোন। স্কলারশিপের আবেদন, পেনশনের তথ্য, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, চাকরির আবেদন কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালান্স—সব কিছুই এখন মোবাইলের পর্দার আড়ালে। যে মানুষটিকে অন্যের কাছ থেকে ফোন ধার নিতে হয়, তিনি এমন কোনও গুরুত্বপূর্ণ আবেদনের শেষ তারিখ পেরিয়ে যেতে পারেন, যার প্রয়োজনীয়তা ফোনের মালিক হয়তো কখনও বুঝতেই পারবেন না।

মোবাইল ফোন আসলে স্বাধীনতারও একটি মাধ্যম। এর সাহায্যে কোনও মহিলাকে কারও অনুমতি না নিয়েই মায়ের সঙ্গে কথা বলতে পারেন, নিজের বেতন অ্যাকাউন্টে ঢুকেছে কি না জানতে পারেন, নার্সের ফোন নম্বর খুঁজে নিতে পারেন, গভীর রাতেও নতুন কোনও দক্ষতা শেখার সুযোগ পান। এমনকী, নিজের অধিকার সম্পর্কেও জানতে পারেন। উন্নয়ন নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞরা এই কারণেই মোবাইল ফোনের মালিকানাকে শুধু প্রযুক্তির মাপকাঠি হিসেবে দেখেন না। তাঁদের কাছে এটি ব্যক্তিগত স্বাধীনতা ও স্বনির্ভরতারও একটি সূচক।

ছোট ছোট সিদ্ধান্তেই বন্ধ হয়ে যায় স্বাধীনতার দরজা-

এই সমস্যার পিছনে সাধারণত কোনও একটি বড় নিয়ম বা নিষেধাজ্ঞা কাজ করে না। কোনও পরিবার হয়তো মনে করে, মেয়ের হাতে ফোন থাকলে সে বিপথে যেতে পারে কিংবা ঘরের কাজ থেকে মনোযোগ সরে যেতে পারে। আবার যে পরিবার একটি ফোন কেনার সামর্থ্য রাখে, তারা অনেক সময় ছেলেকেই ফোনটি কিনে দেয়। কারণ পরিবারের প্রত্যাশা, ছেলেই ভবিষ্যতে উপার্জন করবে।

কিছু জায়গায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল। অনেক পরিবারের কাছে ইন্টারনেটের খরচ চালানোও খাবারের খরচের সঙ্গে পাল্লা দেওয়ার মতো বিষয়। আবার অনেক মহিলাকে কখনও ইন্টারনেট ব্যবহার শেখানোই হয়নি। ভুল করে কিছু করে ফেলবেন, এই ভয়ও তাঁদের মধ্যে কাজ করে।

এর কোনওটিই আলাদা করে খুব নিষ্ঠুর সিদ্ধান্ত বলে মনে হয় না। কিন্তু এই ছোট ছোট সিদ্ধান্ত একসঙ্গে মিলে এমন একটি দরজা তৈরি করে, যা নিঃশব্দে বন্ধ হয়ে যায়। সেখানে কোনও তালারও প্রয়োজন পড়ে না।

এই বৈষম্যের জন্য দায়ী কোনও একক ব্যক্তি নন-

এই পরিস্থিতির জন্য কাউকে দোষারোপ করা সহজ। কিন্তু বাস্তবটা আরও আশ্চর্যজনক। অধিকাংশ ক্ষেত্রেই এর জন্য কোনও একজনকে দায়ী করা যায় না। পূজার বাবা একমাত্র মোবাইলটি ছেলেকে দিয়েছেন। তাঁর মনে হয়েছে, এটাই বুদ্ধিমানের কাজ। অন্যদিকে, পূজার মা মেয়ের পাশে বসে রয়েছেন তার নিরাপত্তার কথা ভেবে।

লক্ষ লক্ষ পরিবারের এমন ছোট ছোট সিদ্ধান্ত একত্রিত হলেই একটি বৃহত্তর সামাজিক চিত্র সামনে আসে। অথচ কোনও পরিবারই সচেতনভাবে এই বৈষম্য তৈরি করার সিদ্ধান্ত নেয়নি। সমীক্ষার গুরুত্ব এখানেই। কারণ একটি পরিবারের ভিতর থেকে দেখলে এই ব্যবস্থাকে খুবই স্বাভাবিক বলে মনে হতে পারে। কিন্তু হাজার হাজার পরিবারের তথ্য একত্রিত হলেই বোঝা যায়, সমস্যাটি কতটা গভীর।

ফোনটি যখন সত্যিই আপনার নিজের নয়, তখন কী হয়?

মোবাইল ফোনের মাধ্যমে যেসব পরিষেবা দেওয়া হয়, সেগুলি ধরে নেয় যে যাঁর প্রয়োজন, ফোনটিও তাঁর হাতেই রয়েছে। কিন্তু বাস্তবে যখন তা হয় না, তখন সেই মানুষটি পরিষেবার নকশা নিয়ে কোনও অভিযোগ করেন না। বরং ধীরে ধীরে সেই ব্যবস্থার বাইরে হারিয়ে যান তিনি।

আপনার বেড়ে ওঠা বাড়িতে কিংবা বর্তমানে যে বাড়িতে থাকেন, সেখানে মোবাইল ফোনটি আসলে কার? আর সেটি ব্যবহার করার জন্য কাকেই বা অনুমতি চাইতে হয়?

সূত্র: ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস (NSO), পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক, Comprehensive Modular Survey: Telecom 2025 (জানুয়ারি–মার্চ ২০২৫)। ২৯ মে ২০২৫-এ প্রকাশিত বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী এই তথ্য তুলে ধরা হয়েছে। পূজা এবং তার পরিবারের কাহিনি কাল্পনিক, কিন্তু পরিসংখ্যান বাস্তব।

Loading...
Unable to load recommendations.
Follow Us