
ফ্যান মানেই কি শুধু প্রিয় তারকার সিনেমা দেখা, তাঁর জন্মদিন পালন কিংবা সিনেমা রিলিজে আনন্দ করা? এই প্রচলিত ধারণা এবার বদলে দিচ্ছেন আল্লু অর্জুন (Allu Arjun)-এর ভক্তরা। নিজেদের ফ্যান নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এবার তাঁরা নেমেছেন এইচপিভি (HPV) সচেতনতা প্রচারে। দেশের ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৮২০টি স্কুলে আয়োজন করা হয়েছে সচেতনতা কর্মসূচি। যার মাধ্যমে প্রায় ৩ লক্ষ স্কুলপড়ুয়া মেয়ের কাছে পৌঁছেছে এইচপিভি (HPV) নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা।
আল্লু অর্জুন ফ্যানস অ্যাসোসিয়েশন (Allu Arjun Fans Association) বা AAFA-এর উদ্যোগে হয়েছে এই বিশেষ কর্মসূচি। অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা, ওড়িশা, তামিলনাড়ু, কেরল, মহারাষ্ট্র, কর্নাটক এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিভিন্ন স্কুলে পৌঁছে দেওয়া হয়েছে এই সচেতনতার বার্তা।
এই কর্মসূচিতে তরুণীদের এইচপিভি (HPV) সম্পর্কে জানানো হয়েছে। এইচপিভি কী, কীভাবে এই সংক্রমণ প্রতিরোধ করা যায় এবং এইচপিভি ভ্যাকসিয়েশন (HPV vaccination)-এর গুরুত্ব কতটা, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছে।
এই উদ্যোগের সবচেয়ে বড় দিক হল এর ব্যাপক পরিসর। সাধারণত ফ্যান ক্লাবের কার্যকলাপ পছন্দের তারকার সিনেমা, জন্মদিন বা অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠানকে ঘিরেই দেখা যায়। কিন্তু এবার সেই ফ্যান নেটওয়ার্কই কাজে লাগল একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে।
৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, ৮২০টি স্কুল এবং প্রায় ৩ লক্ষ ছাত্রী—এই সংখ্যাগুলিই বলে দিচ্ছে এই উদ্যোগ কত বড় আকারে হয়েছে। যেখানে কেন্দ্রীয় সরকারও এইচপিভি নিয়ে সচেতনতার প্রচার করছে, বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করা হচ্ছে, সেখানে আল্লু অর্জুনের ফ্যানরাও এইচপিভি নিয়ে সচেতনতার প্রচার করছে।
AAFA-এর লক্ষ্য হল নিজেদের নেটওয়ার্কের মাধ্যমে আরও বেশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং এইচপিভি (HPV) প্রতিরোধ ও টিকাকরণ নিয়ে পরিবারগুলির মধ্যে সচেতনতা বাড়ানো।
প্রিয় তারকাকে ঘিরে তৈরি হওয়া ফ্যান পাওয়ার এবার শুধু সিনেমায় আটকে নেই। তারকাকে উদযাপন থেকে সমাজের জন্য কাজ—আল্লু অর্জুনের ভক্তদের এই উদ্যোগ যেন ফ্যান পাওয়ার থেকে সোশ্যাল পাওয়ারেরই নতুন উদাহরণ।