
শ্রীনগর: এক সপ্তাহ হল শুরু হয়েছে অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। বাকি আর ৫০ দিন। পহেলগাঁও জঙ্গি হামলার এক বছর পর অমরনাথ যাত্রায় এবার ভক্তদের ঢল নেমেছে। রেকর্ড ভিড় হচ্ছে। অমরনাথ যাত্রায় (Amarnath Yatra News) পৌঁছে যাচ্ছে হাজার হাজার ভক্ত। কিন্তু, তারপরেও দর্শন হচ্ছে না বরফানি বাবার অর্থাৎ বরফের শিবলিঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে না? কারণ বরফের শিবলিঙ্গ দ্রুত গলতে শুরু করেছে। এখনও যাত্রা শেষ হতে ৫০ দিন বাকি রয়েছে। তার মধ্যেই বরফের শিবলিঙ্গ (Shivlinga) ৯০ শতাংশের বেশি গলে গিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেত্রী ইলতিজা মুফতি যাত্রা পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, সুপ্রিম কোর্ট প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক তীর্থযাত্রী প্রবেশের নির্দেশ দিয়েছিল। সেই সীমা ঠিকমতো মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে অমরনাথে পরিবেশ রক্ষার জন্যও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রেকর্ড ভিড়, চাপ বাড়ছে পরিকাঠামোয়
চলতি বছরের ৩ জুলাই কড়া নিরাপত্তার মধ্যে অমরনাথ যাত্রা শুরু হয়েছে। এবার ভক্তদের উপস্থিতি আগের কয়েক বছরের তুলনায় অনেক বেশি বলে দাবি করা হচ্ছে। প্রথম তিন দিনের মধ্যেই ৩২ হাজারেরও বেশি ভক্তের সমাগম হয়েছে। দ্বিতীয় দিনেই প্রায় ২০ হাজার তীর্থযাত্রী অমরনাথে পৌঁছন, যা সাম্প্রতিক বছরগুলির মধ্যে সর্বোচ্চ। প্রশাসনের দাবি, বহু তীর্থযাত্রী মেডিক্যাল সার্টিফিকেট ও বাধ্যতামূলক RFID ছাড়াই পৌঁছে যাওয়ায় নিরাপত্তা এবং পরিকাঠামোর উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।
সত্যিই কি গলে যাচ্ছে বরফের শিবলিঙ্গ?
অমরনাথের বরফের শিবলিঙ্গের একাধিক ছবি-ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শনার্থীরা জানাচ্ছেন, খুব কম সময়ের মধ্যে এবার বরফ গলে ছোট হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে অমরনাথে গিয়েছিলেন এক ভক্ত। তিনি জানান, আগে যেখানে ৪০-৪৫ দিন পর্যন্ত শিবলিঙ্গ দর্শন করা যেত, সেখানে সাম্প্রতিক বছরগুলিতে সেই সময়সীমা কমে মাত্র ৫-৭ দিনে নেমে এসেছে। এবার দেখা গেল যাত্রার চতুর্থ দিনেই শিবলিঙ্গ অনেকটাই গলে গিয়েছে।
জলবায়ু পরিবর্তনই কি মূল কারণ?
বিশেষজ্ঞদের মতে, অমরনাথের বরফের শিবলিঙ্গ একটি প্রাকৃতিক আইস স্ট্যালাগমাইট। যার আকার প্রতি বছর তাপমাত্রা, তুষারপাত, আর্দ্রতা এবং আবহাওয়ার উপর নির্ভর করে বদলে যায়। তাই এর আকার সব বছর একরকম থাকে না। বিজ্ঞানীরা জানাচ্ছেন, হিমালয় বিশ্বের অন্যান্য পর্বতমালার তুলনায় দ্রুত উষ্ণ হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি, তুষারপাতের ধরণ বদল এবং হিমবাহের দ্রুত গলে যাওয়ার পর প্রভাব জম্মু-কাশ্মীরেও স্পষ্ট।
প্রায় ৩,৯০০ মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথে সামান্য তাপমাত্রা বৃদ্ধি কিংবা আর্দ্রতার পরিবর্তনও বরফের শিবলিঙ্গের উপর বড় প্রভাব ফেলতে পারে। চলতি বছরের অস্বাভাবিক উষ্ণতাই বরফ দ্রুত গলে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
তবে শুধু জলবায়ু পরিবর্তন নয়,গত দুই দশকে অমরনাথ যাত্রাপথে ব্যাপক পরিকাঠামো উন্নয়ন, রাস্তা চওড়া করা, গুহার কাছাকাছি লঙ্গর, বিদ্যুৎ, ভারী যন্ত্রের ব্যবহার এবং প্রস্তাবিত রোপওয়ে প্রকল্পও স্থানীয় পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পরিবেশবিদদের একাংশ।
এখনও পর্যন্ত কোনও সরকারি বা বৈজ্ঞানিক গবেষণায় নিশ্চিতভাবে বলা হয়নি যে, বরফের শিবলিঙ্গ দ্রুত গলে যাওয়ার জন্য একটিমাত্র কারণই দায়ী। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, আবহাওয়ার স্বাভাবিক ওঠানামা, ক্রমবর্ধমান তীর্থযাত্রী এবং পরিকাঠামোগত উন্নয়ন—সব মিলিয়েই এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে।
অমরনাথ যাত্রা এখনও জারি রয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২৮ অগাস্ট পর্যন্ত অমরনাথ যাত্রা চলবে। বরফের শিবলিঙ্গ গলে গেলেও পুজো চলছে। অমরনাথ যাত্রা বন্ধের কোনও নির্দেশ দেওয়া হয়নি।